শাহরাস্তির মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান।
শাহরাস্তির মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান।
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ শাহরাস্তি উপজেলার চিতুষি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে তীব্র শিক্ষক সংকটে ভুগছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও এখানে মোট শিক্ষকের অনুমোদিত পদ মাত্র আটটি। এর মধ্যে গত কয়েক বছর ধরে তিনটি পদই শূন্য রয়েছে। বর্তমানে মাত্র পাঁচজন শিক্ষক দিয়েই জোড়াতালি দিয়ে চলছে পুরো শিক্ষা কার্যক্রম। অথচ বিদ্যালয়টিতে মনিপুর ও খিতারপাড়সহ আশপাশের গ্রামের প্রায় চার শতাধিক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে আটটি শ্রেণির ক্লাস পরিচালনা করা অত্যন্ত কষ্টকর ও দুরূহ হয়ে পড়েছে। পাঠদান চালিয়ে যেতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গুণগত শিক্ষা অর্জন ব্যাহত হবে এবং পড়ালেখার মান মারাত্মকভাবে নিচে নেমে যাবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর এমন শিক্ষক সংকট কোনোভাবেই কাম্য নয়।শিক্ষক ও অভিভাবকরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে এই বিদ্যালয়ে দ্রুত শিক্ষক পদায়ন করা হলে শিক্ষক ও শিক্ষার ঘাটতি দূর হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক ছন্দে ফিরবে।





