“মানুষের রিজিকের ফায়সালা হয় আসমানে” : অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী
"মানুষের রিজিকের ফায়সালা হয় আসমানে" : অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, চাঁদপুর জেলা শাখার এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারস্থ চিশতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা সোলায়মান সরোয়ার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মজিদ তিলাওয়াত করা হয়। অতঃপর সভার সভাপতি ও চাঁদপুর জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
বর্ণিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি। মাত্র কয়েকদিন পূর্বের আন্দোলনে তিনি সহ তার বেশ কয়েকজন সহ-কর্মীকে কেন্দ্রীয় শহীদ মিনারে ও ঢাকার রাজপথে হামলা-মামলা ও গ্রেফতার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেটুয়া বাহিনী। কিন্তু হামলা-মামলা ও শারীরিক নির্যাতন করেও তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দিতে পারেনি। তাদের ঐক্যের কারণে আন্দোলনের ফসল হিসেবে ১৫% বাড়ি ভাড়া দিতে বাধ্য হয়েছে বর্তমান সরকার।
এসময় তিনি উপস্থিত সহ-কর্মীদের নিকট দায়িত্ব পালনের বিষয়ে দীপ্ত অঙ্গীকার চেয়ে বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে যাবো কিন্তু আমরা কেউ যেন আমাদের সন্তানতূল্য শিক্ষার্থীদের ক্লাশ নেয়া থেকে বিরত না থাকি। যদি এমন শপথ করেন তবে তিনি যতদিন শিক্ষকতা করবেন ততদিন শিক্ষকদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে একটি কুচক্রী মহল আগেও সোচ্চার ছিল এখনও সোচ্চার আছে এবং এই কুচক্রী মহল ভবিষ্যতেও সোচ্চার থাকবে। তিনি বলেন, আমি জানতে পেরেছি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের আজকের এই সম্মেলন যেন না করতে পারি তার জন্য পায়তারা করেছিলেন। তিনি আরও উল্লেখ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে দুইবার তার মোবাইলে ফোন দিয়েছি কিন্তু তিনি আমার ফোন ধরেন’নি। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মাত্র কয়েকদিন পূর্বে আমাদের আন্দোলন থামিয়ে দিতে যেখানে আপনার উপদেষ্টা, সচিব ও বিভিন্ন পর্যায় থেকে চেষ্টা করেও সফল হননি। সেখানে আপনি কি করে ভাবলেন আমাদের কর্মসূচি থামিয়ে দিতে পারবেন! তাই তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এধরণের চেষ্টা ও চিন্তা থেকে বিরত থাকবেন বলে আশা করি। প্রসঙ্গ ক্রমে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা, ভেরিফাইড ফেইসবুক আইডি’তে এসে লাইভে বলেন,”মানুষের রিজিকের ফায়সালা হয় আসমানে।”
সভায় বিশেষ আমন্ত্রণক্রমে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমেদীন এবং মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারি, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঢাকা উত্তরের সমন্বয়ক মোঃ বাছির উদ্দিন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের যুগ্ম সদস্য সচিব মোঃ শান্ত ইসলাম, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মতিউর রহমান, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, সভায় শাহরাস্তি উপজেলার স্বনামধন্য ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি চাঁদপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করবেন।






