ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল থেকে স্বীকৃতির মঞ্চে; ২০১৩ সাল থেকে শিক্ষকতা, আনন্দঘন পাঠদান ও সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা

নিজস্ব প্রতিনিধি : একটি গান, একটি রিল ভিডিও, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও ট্রল। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল ভার্চুয়াল জগতে। নানা মন্তব্য আর সমালোচনার মধ্যে একসময় ভিডিওটি সরিয়ে নিতে হয়েছিল তাঁকে। কিন্তু সেই বিতর্কের কয়েক মাস পরই সামনে এলো তাঁর শিক্ষকতা জীবনের আরেকটি পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকে পেছনে ফেলে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের বাছাই প্রক্রিয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁদের একজন বিউটি রানী পাল।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর স্বাক্ষর করা একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের নাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিউটি রানী পালের নাম ছিল না।

যে রিল ঘিরে আলোচনাঃ

চলতি বছরের ২৩ জুলাই ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় একটি গানের কয়েকটি লাইন ব্যবহার করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও প্রকাশ করেন বিউটি রানী পাল। ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’—গানের এই অংশ ব্যবহারের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটির সঙ্গে নেতিবাচক তথ্য যুক্ত করে তা প্রচার করা হলে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও ট্রল। সাইবার বুলিংয়ের মুখে একপর্যায়ে ভিডিওটি সরিয়ে নেন তিনি।

তবে ঘটনাটি শেষ পর্যন্ত কেবল একজন শিক্ষককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শত শত নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। শিক্ষক সমাজের এমন অভিনব প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।

ফলে একটি ব্যক্তিগত রিল ভিডিওকে ঘিরে শুরু হওয়া ঘটনা পরিণত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষকদের প্রতি আচরণ, ব্যক্তিস্বাধীনতা ও অনলাইন হয়রানি নিয়ে বৃহত্তর আলোচনায়।

বিতর্কের বাইরে অন্য এক পরিচয়ঃ

তবে বিউটি রানী পালের শিক্ষকতা জীবনের গল্প শুরু হয়নি ওই রিল ভিডিও দিয়ে। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত তিনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন।

শিক্ষকতা জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠদানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি সৃজনশীল নানা কৌশল ব্যবহারের চেষ্টা করেছেন তিনি। আনন্দঘন পরিবেশে পাঠদান, শরীরচর্চা এবং নাচের ছন্দে পড়াশোনাকে সহজ করে তোলার মতো বিভিন্ন কার্যক্রমের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
এর আগেও তিনি একবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ের এই স্বীকৃতি পেলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম বনাম শ্রেণিকক্ষঃ

বিউটি রানী পালের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকেও সামনে এনেছে। অনলাইনে কয়েক মিনিটের একটি ভিডিও যেমন দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তেমনি সেই ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া মন্তব্য বা প্রচারণাও মুহূর্তে একজন মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে একজন শিক্ষকের প্রকৃত কাজের পরিধি অনেক দীর্ঘ। প্রতিদিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান, তাদের আগ্রহ তৈরি করা, শেখার পরিবেশ গড়ে তোলা এবং দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার মূল্যায়ন একটি রিল ভিডিওর কয়েক মিনিটের দৃশ্য দিয়ে করা সম্ভব নয়।

বিউটি রানী পালের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা তাঁকে আলোচনায় এনেছিল। কিন্তু জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবনের কাজ ও অবদানও নতুন করে আলোচনায় এসেছে।

স্বীকৃতি কি বদলে দেয় আলোচনার ভাষা?

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পর মানুষ দ্রুত মতামত দেয়। সেখানে প্রেক্ষাপট, দীর্ঘমেয়াদি কাজ কিংবা একজন ব্যক্তির সামগ্রিক পরিচয় অনেক সময় আড়ালে পড়ে যায়। বিউটি রানী পালের ঘটনাতেও প্রথমে সামনে এসেছিল একটি রিল ভিডিও। পরে সামনে এসেছে তাঁর শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ শিক্ষকতা জীবন এবং শ্রেণিকক্ষে সৃজনশীল পাঠদানের বিষয়টি।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একই ব্যক্তিকে ঘিরে একদিকে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে তাঁর পেশাগত কাজের স্বীকৃতিও রয়েছে—দুটি বাস্তবতাই পাশাপাশি রয়েছে।

শিক্ষকের পরিচয় শ্রেণিকক্ষেইঃ

একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় তাঁর শ্রেণিকক্ষের কাজ—শিক্ষার্থীদের শেখানো, তাদের মধ্যে জানার আগ্রহ তৈরি করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা। বিউটি রানী পালের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বাইরে তাঁর শিক্ষকতা জীবনের এই দিকটিই এখন নতুন করে সামনে এসেছে।

২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর এক দশকের বেশি সময় ধরে তিনি এই পেশায় রয়েছেন। এর মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার স্বীকৃতিও পেয়েছেন একাধিকবার।

একটি রিল তাঁকে পরিচিত করেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে; আর শিক্ষকতার দীর্ঘ পথ তাঁকে এনে দিয়েছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। দুই ভিন্ন অভিজ্ঞতার মাঝখানে দাঁড়িয়ে বিউটি রানী পালের গল্পটি যেন মনে করিয়ে দেয়—ভার্চুয়াল জগতের কয়েক মুহূর্তের আলোচনার চেয়ে একজন শিক্ষকের দীর্ঘদিনের কাজ ও শিক্ষার্থীদের ওপর তার প্রভাব অনেক বেশি বিস্তৃত ও স্থায়ী।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভার্টা ওমাদক বিরোধী কার্যক্রম ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১১ টায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি এই ঘোষণা দেন।
​সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, আশেপাশের কোনো তরুণ বা কিশোর বিপদে পড়লে তাকে মোটিভেশন দিয়ে এবং বাবা-মায়ের সাথে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেবল নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ সমাজের শৃঙ্খল রক্ষায় সবাইকেই সচেতন থাকতে হবে।
​ইটভার্টার ব্যবসার বিষয়ে তিনি বলেন, বিগত দুই মাস ধরে ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী সকল উপজেলার ইনভার্টার মালিকদের সাথে বৈঠক করা হয়েছে এবং অবৈধ ইটভার্টার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে। যাদের ব্যবসার কোনো বৈধ লাইসেন্স বা পূর্ব প্রস্তুতি নেই, তারা যেন এই ধরনের কার্যক্রমে যুক্ত না হন। এরপরও যদি কেউ নির্দেশ অমান্য করে এই ব্যবসা চালিয়ে যান, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আসন্ন কালীপূজার মেলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাজ্জাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক