শাহরাস্তির খিলা বাজারে অনুষ্ঠিত হলো ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা।
শাহরাস্তির খিলা বাজারে অনুষ্ঠিত হলো ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা।
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ তৃণমূল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে এবং সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে শাহারাস্তি উপজেলার খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা ২০২৬’।২৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিদ্যালয়ের হলরুমে এইটি অনুষ্ঠিত হয়। শিক্ষামূলক সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট গ্রাসরুট’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই পরীক্ষা ও মেধা মূল্যায়ন কর্মসূচির সম্পূর্ণ অর্থায়ন করেছেন খিলাবাজারের কৃতি সন্তান ও ফিনল্যান্ড প্রবাসী সালমান শিহাবী। দূর প্রবাসে অবস্থান করলেও নিজ জন্মমাটি ও শেকড়ের টানে এলাকার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা বিস্তার ও জীবনমান উন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর এই সামাজিক দায়বদ্ধতা ও পৃষ্ঠপোষকতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ ব্যতিক্রমী আয়োজনটি বাস্তবায়িত হয়।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ৫০ নম্বরের একটি লিখিত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে শুরু হয় আনন্দময় ‘স্পট কুইজ’ প্রতিযোগিতা, যেখানে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের হাতে সরাসরি শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক মেধা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কের দায়িত্বে ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রুবায়েত হাসান। প্রজেক্ট অফিসার হিসেবে মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন শফিকুল আলম সাইফ। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাব্বিকুল সজীব এবং সোহেল মাহমুদ। এছাড়া স্থানীয় সমন্বয় ও শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন আলাউদ্দিন ও রুহুল কুদ্দুস লিংকন সহ একদল তরুণ স্বেচ্ছাসেবী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম বিল্লাহ, অভিভাবক সদস্য রাজনীতিবিদ খিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, শাহারাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া,উক্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাইনুল ইসলাম সৈকত, সাংবাদিক সজল পাল, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোতাহের হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের সাধুবাদ জানান। বক্তারা বলেন, সালমান শিহাবীর মতো প্রবাসীরা যদি নিজ নিজ জন্মভূমির উন্নয়ন ও শিক্ষার প্রসারে এভাবে এগিয়ে আসেন, তবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও একদিন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।বৃত্তি প্রদান শেষে অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফটোসেশনের মাধ্যমে সফলভাবে দিনটির সমাপ্তি ঘটে।





