শাহরাস্তিতে ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে আশ্রয় পেলেন ৮৫ বছরের সেই বৃদ্ধা মা
শাহরাস্তিতে ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে আশ্রয় পেলেন ৮৫ বছরের সেই বৃদ্ধা মা
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ অবশেষে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৮৫ বছর বয়সী জয়নব ভানু তাঁর এক ছেলের ঘরে ঠাঁই পেয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রশাসনিকভাবে পারিবারিক এই সমস্যার সমাধান হয়।
এর আগে, প্রতিষ্ঠিত পাঁচ ছেলে ও তাদের পরিবার থাকা সত্ত্বেও বার্ধক্যে এসে নিজ গ্রামের বাড়িতে ওই বৃদ্ধা মায়ের আশ্রয় না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, সংবাদটি জানার পরপরই তিনি বৃদ্ধা মা জয়নব ভানুকে তাঁর পরিবার ও ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, “বৃদ্ধ মায়ের ভরণপোষণ, চিকিৎসা এবং খাওয়া-দাওয়াসহ সমস্ত দায়িত্ব তাঁর ছেলেরা পালন করবে—এমন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ছেলেদের একটি বাসার একটি কক্ষ বিশেষভাবে ওই বৃদ্ধ মায়ের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হবে জানিয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, “ছেলে ও তাদের স্ত্রীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, উপজেলা প্রশাসন বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে। কোনো অবস্থাতেই এই বৃদ্ধ মা যেন অবহেলা কিংবা আশ্রয়হীনতার শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী জয়নব ভানু। বয়সের ভারে ন্যুব্জ এই মা পাঁচ সন্তান থাকার পরও জীবনের শেষ সময়ে চরম অসহায়ত্ব ও আশ্রয়হীনতার শিকার হয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে অবশেষে নিজ ঘরে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ওই বৃদ্ধা।





