শাহরাস্তিতে অবৈধ ড্রেজার: ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো
শাহরাস্তিতে অবৈধ ড্রেজার: ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. রাজু (২২) ও তাঁর সহযোগীদের ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ড্রেজার অকেজো করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মনোহরপুর ও নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মনোহরপুর এলাকায় অনুমোদনবিহীনভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মো. রাজু (২২) ও তাঁর সহযোগীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানের সময় মনোহরপুর এলাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার অকেজো করা হয়। পাশাপাশি নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় একদিকে জমির উৎপাদনক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তাঁরা।






