আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ
আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ
মো. শাহজালাল সুমন, উত্তরা (ঢাকা) থেকে : রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের ঢাকা মহানগর উত্তর শাখা।
১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উত্তরা দিয়াবাড়ি খালপাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর শাখার ২৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
মিছিল চলাকালে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা উত্তরার রাজপথে শান্তিপূর্ণ ও সংগঠিত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। তার দাবি, এরপরও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এর প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তবে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও সংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
মিছিলের আয়োজক জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের আন্দোলনে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষেরও অংশগ্রহণ ছিল। ওই আন্দোলনে চালক শ্রেণির কয়েকজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা যাতে উত্তরায় সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। তার ভাষায়, “আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই জনগণের জানমাল ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখব।”
তিনি বলেন, উত্তরাসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিয়াবাড়ি খালপাড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।






