শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি এলাকায় মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন পাঁচ শতাধিক মানুষ
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি এলাকায় মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন পাঁচ শতাধিক মানুষ
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর): মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি এলাকায় শাহরাস্তি মডেল থানা-পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, র্যালিতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য হেমায়েত ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল মজুমদার, শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও মো. মাহবুবুল আলম পরান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. এনামুল হক মামুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মনজুর হোসেন (রতন) পাটোয়ারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা মো. আরব আলী মানিক, আবুল কাশেম মিয়াজী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম এবং সহ-সভাপতি মো. রুবেল হোসেন মিয়াজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র্যালিতে অংশ নেওয়া মানুষের হাতে মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এ সময় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক সভা। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে সামাজিক দায়িত্ব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
র্যালি ও সচেতনতামূলক সভায় খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলামসহ শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






