শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, ‘পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা’ নিয়ে এমপি মমিনুল হকের মন্তব্য
শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, ‘পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা’ নিয়ে এমপি মমিনুল হকের মন্তব্য
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শাহরাস্তি গেট অতিক্রম করে দোয়াভাঙায় গিয়ে সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
র্যালির অগ্রভাগে নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সড়ক। এ সময় ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ’সহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
র্যালিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। পরে দোয়াভাঙায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির সঙ্গে তাঁরা রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর ভাষ্য, ‘দিশেহারা জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মমিনুল হক বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়। দেশে থেকে পালিয়ে যাওয়া এক নেত্রীর দেশে ফেরার কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘২০ কোটি মানুষকে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব।’ তবে একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শান্তির প্রত্যাশা নিয়েই তাঁরা এ জনপদে এসেছেন এবং কাউকে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্তিত্বের ওপর আঘাত এলে তারও প্রতিবাদ করা হবে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, জনগণের জন্য আরও উন্নয়ন হবে, তবে এর জন্য সময় প্রয়োজন। দেশে ও দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি হাজী আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা সেলিমুস সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশকে ঘিরে বিকেল থেকেই মেহের ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।






