টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ মাগরিব টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের পদ্মারপাড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন সিকদার। টামটা দাখিল মাদ্রাসার শিক্ষক ফখরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শাহরাস্তি উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক এইচ এম বদিউজ্জামাল ভূঁইয়া, নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মমিন সিকদার এবং বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সরকারি চাকরিজীবী হুমায়ুন কবির হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, জনস্বার্থ, মতপ্রকাশের স্বাধীনতা, সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও মতামত তুলে ধরেন তাঁরা।
বক্তারা বলেন, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকার জন্য তাঁরা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। এ সময় দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন সিকদার বলেন, দীর্ঘ সময় তাঁরা রাজনৈতিকভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে পাওয়া সুযোগকে মানুষের অধিকার ও কল্যাণে কাজে লাগাতে চান তাঁরা। কারও বিরোধিতা নয়, মানুষের অধিকার ও কল্যাণের কথা বলাই তাঁদের লক্ষ্য।
তিনি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের বিভেদ ও বিরোধ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল ইসলাম কাদেরী।
পরে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






