শাহরাস্তিতে রিপন পাটোয়ারীর উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও মানবিক সংগঠনে অনুদান প্রদান
শাহরাস্তিতে রিপন পাটোয়ারীর উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও মানবিক সংগঠনে অনুদান প্রদান
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাড়াইরপাড়ায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মানবিক সংগঠনে অনুদান দিয়েছেন সমাজসেবক মোঃ মহিউদ্দিন রিপন পাটোয়ারী। তাঁর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরআন খতম, খতমে শিফা, খতমে আম্বিয়া, মাদকবিরোধী আলোচনা ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড়া পাটোয়ারী বাড়ির বায়তুন নূর জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ পেয়ার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন হাড়াইরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা কামাল হোসাইন আল আবেদী। এ সময় হাড়াইরপাড়া ইসলামিয়া নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মোহন পাটোয়ারীসহ এলার বহু মসজিদের ইমাম ও আলেম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মহিউদ্দিন রিপন পাটোয়ারী মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদক গ্রহণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে মোবাইল ফোনে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়া থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে দৈকামতা প্রবাসী মানবিক ফাউন্ডেশন, শোরসাক উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদ, হাড়াইরপাড়া গাইন বাড়ি জামে মসজিদ, হাড়াইরপাড়া পাটোয়ারী বাড়ি বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, শোরসাক পূর্বপাড়া ফকির আস্তানা গাউছুল আজম জামে মসজিদ এবং পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুদান দেওয়া হয়।
সমাজসেবক রিপন পাটোয়ারীর পরিচিতি শুধু ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক অনুদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয়দের ভাষ্য, তিনি বিভিন্ন সময়ে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় এবং চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিভিন্ন প্রয়োজন পূরণে দান-অনুদান দিয়ে আসছেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তাঁর ব্যক্তিগত উদ্যোগ রয়েছে বলে তাঁরা জানান।
মোঃ মহিউদ্দিন রিপন পাটোয়ারী শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মোঃ আবদুস ছাত্তার পাটোয়ারী এবং মা বিলকিস বেগম। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানা গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ানোর কারণে রিপন পাটোয়ারীকে তাঁরা একজন সমাজসেবী হিসেবে দেখেন। তাঁদের প্রত্যাশা, তিনি ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের আরও কাছাকাছি থেকে সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে কাজ করার সুযোগ পাবেন।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিত্বের মূল শক্তি শুধু নির্বাচনী প্রতিশ্রুতিতে নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে থাকার মানসিকতায়। সেই জায়গা থেকে রিপন পাটোয়ারীর ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড তাঁর সম্ভাব্য জনপ্রতিনিধিত্বের আকাঙ্ক্ষাকে নতুন মাত্রা দিয়েছে।






