শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: চাঁদপুরের শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের মৎস্য পক্ষের স্লোগান ছিল— ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।’
রবিবার (১৬ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, মৎস্যচাষি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
বক্তারা দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে কারেন্ট জাল ও অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার পরিহারের জন্যও সকলের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— শুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সফল মৎস্যচাষি ডা. আব্দুর রশিদ, শাহরাস্তি পৌর শহরের কাজিরকাপ এলাকার মোঃ হুমায়ুন কবির এবং নারী মৎস্যচাষি হোসনে আরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন রিতা রানী পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সফল মৎস্যচাষি আব্দুর রশিদ চেয়ারম্যান, আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মোতালেব হোসেন খান, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, বর্তমান সভাপতি মোঃ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।






