পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতির নতুন অধ্যায়; সমন্বয় কমিটি গঠন, সর্বস্তরের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতির নতুন অধ্যায়; সমন্বয় কমিটি গঠন, সর্বস্তরের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : সময়ের স্রোতে পেরিয়ে গেছে দীর্ঘ ৮৫ বছর। এই সময়ে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের স্মৃতি, ভালোবাসা এবং অর্জনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামে অবস্থিত “পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়”। সেই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের ৮৫ বর্ষপূর্তি পুনর্মিলনী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে নতুন উদ্দীপনায়। এ উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দে এবং ২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ফয়সাল আহমেদ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় বিদ্যালয়ের বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীসহ মোট ২৬ জন অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্রতিষ্ঠানকে আরও গৌরবময়ভাবে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন।
দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ৮৫ বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ, পুনর্মিলনীতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। পাশাপাশি প্রয়োজন ও বাস্তবতার নিরিখে ভবিষ্যতে কমিটির সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীদের আলোচনায় পুনর্মিলনীকে সর্বজনীন ও অংশগ্রহণমূলক আয়োজন হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ব্যাচ থেকে প্রতিনিধি নির্বাচন, বিভিন্ন উপ-কমিটি গঠন, অনলাইনভিত্তিক সমন্বয় ব্যবস্থা চালু, গ্রাম ও অঞ্চলভিত্তিক প্রতিনিধি নির্ধারণ, ঢাকা ও চট্টগ্রামে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, নিবন্ধন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং পুনর্মিলনী উপলক্ষে স্মরণিকা বা ম্যাগাজিন প্রকাশের মতো নানা প্রস্তাব সভায় উত্থাপিত হয়।
এ ছাড়া বিদ্যালয়ের প্রাচীনতম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, কর্মজীবনে প্রতিষ্ঠিত সিনিয়র প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা, গ্রামভিত্তিক প্রচারণা চালানো, অর্থ ও যোগাযোগ কার্যক্রমকে শক্তিশালী করা এবং সকল প্রাক্তন শিক্ষার্থীর তথ্য সংরক্ষণের জন্য একটি স্থায়ী ডাটাবেজ তৈরির সুপারিশও উঠে আসে। সভায় মতামত রাখা হয় আগামী রমজানের ঈদের বন্ধ উপলক্ষ্যে বা শীত মৌসুমে পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করা যেতে পারে বলে প্রস্তাব রাখা হয়।
উপস্থিত বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু একটি উৎসব নয়; এটি প্রজন্মের সঙ্গে প্রজন্মের পরিচয় ঘটানোর, স্মৃতিকে নতুন করে স্পর্শ করার এবং বিদ্যালয়ের প্রতি আজীবনের ভালোবাসাকে নতুন করে প্রকাশ করার এক অনন্য উপলক্ষ। তাই এই আয়োজনকে সফল করতে সকল ব্যাচ, সকল গ্রাম এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বর্ষপূর্তি পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় এক মিলনমেলায় পরিণত হবে।






