মাদক-জুয়া রোধে জনপ্রতিনিধিদের জবাবদিহির আহ্বান; শাহরাস্তির আইন-শৃঙ্খলা সভায় এমপি; সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের ওপর জোর
মাদক-জুয়া রোধে জনপ্রতিনিধিদের জবাবদিহির আহ্বান; শাহরাস্তির আইন-শৃঙ্খলা সভায় এমপি; সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের ওপর জোর
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। তিনি বলেন, কোনো জনপ্রতিনিধি যদি নিজ এলাকায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন, তবে আগামী নির্বাচনে জনগণ যেন তার মূল্যায়ন করেন। একই সঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের কাজ নয়; প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
সভায় শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশের সঙ্গে জনগণের অংশীদারত্বমূলক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনায় সাংবাদিকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সাংবাদিক মাসুদ রানা আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা বলেন। সাংবাদিক মাঈনুল ইসলাম কাজল বাত্তলা গ্রামের আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ নিজ এলাকার মাদক, জননিরাপত্তা, সড়ক ও অন্যান্য সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন বিদ্যালয়ে শিক্ষকসংকটের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে টেলিভিশন ও ক্যারাম খেলার আসর বসায় শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার বিষয়টি সভার নজরে আনেন।
সভায় এমপি মো. মমিনুল হক আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ থানা বা প্রশাসনের কাছে তদবির করলে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না; প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি সরকারি খাদ্যশস্য সংগ্রহে প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করা, দোয়াভাঙ্গা এলাকায় মসজিদ স্থানান্তরের উদ্যোগ, প্রতিটি ইউনিয়নে খেলাধুলার মাঠ সংরক্ষণ এবং বাজারের ইজারা ও খাজনা আদায় ব্যবস্থার পরিবর্তনের সুফল জনগণ পাচ্ছে কি না—সেসব বিষয় অনুসন্ধান করে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন সভায় উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।






