বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

রাষ্ট্রায়ত্ত তিন গণমাধ্যমের সংকট কাটাতে প্রয়োজন গণমুখী নীতি, তৃণমূলে সাংবাদিক নেটওয়ার্ক বৃদ্ধি ও জবাবদিহিতা। একটি গণমাধ্যমের শক্তি তার লোগোতে নয়, মানুষের আস্থায়। দর্শক-শ্রোতা-পাঠকের কাছে গ্রহণযোগ্যতা, দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনগণের কথা তুলে ধরার সক্ষমতাই একটি গণমাধ্যমকে শক্তিশালী করে। সেই জায়গা থেকে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারকে নতুন করে ভাবার সময় এসেছে। বিটিভির লোগো পরিবর্তন নিয়ে যখন আলোচনা চলছে, তখন প্রশ্ন উঠছে, শুধু লোগো বদলালেই কি বদলাবে রাষ্ট্রায়ত্ত এই সম্প্রচার মাধ্যমের দর্শক গ্রহণযোগ্যতা? নাকি প্রয়োজন এর কাঠামো, সংবাদ পরিবেশনের ধরন এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রমের আমূল পরিবর্তন?

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মতে, বিটিভির লোগো পরিবর্তনের চেয়ে বেশি জরুরি প্রতিষ্ঠানটিকে দায়িত্বশীল ও গণমুখী গণমাধ্যমে পরিণত করা। তার ভাষায়, বিটিভির গ্রহণযোগ্যতা ও দর্শকসংখ্যা তলানিতে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম পথ হতে পারে উপজেলা পর্যায়ে প্রতিনিধির সংখ্যা বাড়ানো।

বাংলাদেশের অধিকাংশ মানুষের বসবাস রাজধানীর বাইরে। দেশের প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন, উপজেলা কিংবা সীমান্তবর্তী এলাকার প্রতিদিনের অসংখ্য ঘটনা জাতীয় গণমাধ্যমের আলোচনার বাইরে থেকে যায়। অথচ এসব এলাকার মানুষের জীবন, সংকট, সম্ভাবনা ও উন্নয়নচিত্রই বাংলাদেশের সামগ্রিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ।রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম যদি জনগণের অর্থে পরিচালিত হয়, তাহলে তার সংবাদ কাভারেজও হওয়া উচিত জনগণকেন্দ্রিক। উপজেলা পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধি থাকলে স্থানীয় সমস্যা, প্রশাসনের কার্যক্রম, শিক্ষা-স্বাস্থ্য, কৃষি, নদীভাঙন, দুর্যোগ, অপরাধ, সংস্কৃতি ও সম্ভাবনার খবর সরাসরি জাতীয় সম্প্রচারে উঠে আসতে পারে। এতে শুধু বিটিভির সংবাদভাণ্ডার সমৃদ্ধ হবে না; বরং তৃণমূলের মানুষও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে নিজেদের গণমাধ্যম হিসেবে ভাবার সুযোগ পাবে।

জনগনের টাকায় পরিচালিত রাষ্ট্রের এ গণমাধ্যমগুলোর আর্থিক অবস্থাও নতুন করে ভাবার দাবি রাখে। তথ্য মন্ত্রণালয়ের মে মাসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থবছরের প্রথম ১১ মাসে বিটিভির আয় ছিল ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। আগের কয়েক বছরের হিসাবেও একই ধরনের বড় ব্যবধান দেখা যায়। ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, আর ব্যয় বেড়ে হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকা হলেও ব্যয় হয়েছে ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ৩০৭ কোটি ১২ লাখ ২২ হাজার টাকা। সংখ্যাগুলো শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এগুলো রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের কার্যকারিতা, ব্যবস্থাপনা ও জনসম্পৃক্ততা নিয়ে বড় প্রশ্নও সামনে আনে।

বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসের চিত্রও উদ্বেগজনক। দেশে মিডিয়াভুক্ত ৫৮৪টি পত্রিকা ও ৩৬টি টেলিভিশন চ্যানেল থাকার পরও বাসসের গ্রাহকসংখ্যা ৫০-এর নিচে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়। বাসসের তথ্য অনুযায়ী, সংস্থাটির গ্রাহক ৪৮টি; এর মধ্যে নিয়মিত সেবা নেয় ২৮টি মিডিয়া। আন্তর্জাতিক পর্যায়েও বাসসের অবস্থান শক্তিশালী নয়। ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থার সঙ্গে খবর আদান-প্রদানের ব্যবস্থা থাকলেও বিদেশে বাসসের নিজস্ব গ্রাহক নেই। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গ্রাহক বাসস। অর্থাৎ আন্তর্জাতিক সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাসসকে অন্য সংস্থার সেবা নিতে হচ্ছে, অথচ নিজের উৎপাদিত সংবাদ আন্তর্জাতিক বাজারে বিক্রির সক্ষমতা তৈরি হয়নি—এটি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে ভাবার একটি গুরুত্বপূর্ণ কারণ। বাসসের বিজ্ঞাপন আয়ও নেই। বার্ষিক গ্রাহক ফি থেকে আয় প্রায় ৬৭ লাখ টাকা হলেও সেই অর্থও অনাদায়ী থাকার কথা বলা হচ্ছে। বিপরীতে সরকার থেকে বছরে ৩৮ কোটি টাকার বেশি অনুদান নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা যদি বিপুল সরকারি অর্থ ব্যয় করে পরিচালিত হয়, তাহলে তার সংবাদসেবা কতটা জনগণ ও দেশের গণমাধ্যমের কাজে লাগছে?

বাসসকে ঘিরে আরেকটি অভিযোগ হলো—দলীয়করণ, ইচ্ছেমতো নিয়োগ ও পদোন্নতির কারণে প্রতিষ্ঠানটি প্রয়োজনের তুলনায় ভারী হয়ে পড়েছে। ফলে সরকারি অর্থের বড় অংশ বেতন-ভাতা পরিশোধে ব্যয় হচ্ছে।রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কর্মীদের চাকরি ও অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যকারিতা ও জনস্বার্থে তার অবদান। তাই প্রশ্নটি কোনো নির্দিষ্ট কর্মীর বিরুদ্ধে নয়; বরং প্রতিষ্ঠানটি কীভাবে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও সেবামুখী হতে পারে—সেটিই হওয়া উচিত মূল আলোচনার বিষয়।

বিটিভি ও বাসসের পাশাপাশি বাংলাদেশ বেতারও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। একসময় দেশের কোটি মানুষের কাছে সংবাদ, বিনোদন ও জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম ছিল বেতার। ডিজিটাল যুগে এসে মানুষের তথ্য গ্রহণের অভ্যাস বদলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মের বিস্তারে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোর সামনে প্রতিযোগিতা এখন অনেক বেশি। এই বাস্তবতায় শুধু পুরোনো কাঠামো ধরে রাখলে হবে না। বেতারকে নতুন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছাতে ডিজিটাল প্ল্যাটফর্ম, স্থানীয় কনটেন্ট, দ্রুত সংবাদ এবং জনসম্পৃক্ত অনুষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী প্রতিনিধি নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বিটিভি, বাসস ও বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগের দাবি জানিয়ে আসছে। সাংবাদিকদের রুটি-রুজির ১৪ দফা দাবির মধ্যেও এটি অন্যতম। দাবিটি বাস্তবায়িত হলে সারাদেশে দেড় হাজারের বেশি সাংবাদিকের কাজের সুযোগ তৈরি হতে পারে। তবে এর সুফল শুধু কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সংবাদ সংগ্রহের পরিধিও বহুগুণে বাড়তে পারে।একজন স্থানীয় প্রতিনিধি তার এলাকার এমন অনেক খবর জানেন, যা ঢাকার কোনো ডেস্কের পক্ষে জানা সম্ভব নয়। সঠিক প্রশিক্ষণ, নৈতিকতার মানদণ্ড এবং পেশাগত জবাবদিহির আওতায় এই প্রতিনিধিদের কাজে লাগানো গেলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সংবাদভিত্তি আরও শক্তিশালী হতে পারে।

একটি গণমাধ্যমের ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ—এ কথা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ব্র্যান্ডের বাহ্যিক পরিবর্তনের চেয়ে প্রতিষ্ঠানের ভেতরের পরিবর্তন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিটিভির পর্দায় নতুন লোগো দর্শকের চোখে পড়বে; কিন্তু দর্শককে ধরে রাখবে ভালো অনুষ্ঠান, নির্ভরযোগ্য সংবাদ, দ্রুত আপডেট, স্থানীয় মানুষের কথা এবং রাষ্ট্রের পাশাপাশি জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া সাংবাদিকতা। একইভাবে বাসসের নতুন ভবন, নতুন প্রযুক্তি কিংবা নতুন স্লোগান তখনই অর্থবহ হবে, যখন তার সংবাদ দেশের সংবাদপত্র ও টেলিভিশনের জন্য অপরিহার্য হয়ে উঠবে। বাংলাদেশ বেতারও তখনই তার পুরোনো শক্তি ফিরে পাবে, যখন শ্রোতা মনে করবেন—এই মাধ্যমটি তার জীবনের কথা বলে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে বাঁচাতে হলে শুধু সরকারি বরাদ্দ বাড়ানো যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, পেশাদার নেতৃত্ব, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি, রাজনৈতিক প্রভাবমুক্ত সংবাদ পরিবেশনের সংস্কৃতি এবং কঠোর জবাবদিহি। এর পাশাপাশি প্রয়োজন এমন সাংবাদিক, যারা চাকরিকে শুধু বেতন-ভাতার সুযোগ হিসেবে দেখবেন না; বরং জনগণের প্রতি দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন। যারা মাঠে যাবেন, মানুষের কথা শুনবেন, তথ্য যাচাই করবেন এবং রাষ্ট্রের অর্থে পরিচালিত গণমাধ্যমকে জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে ভূমিকা রাখবেন। বেসরকারি গণমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে সরকারি প্রতিষ্ঠানসুলভ ধীরগতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পেশাদার গণমাধ্যম প্রতিষ্ঠানে রূপ নিতে হবে।

বিটিভি, বাসস ও বাংলাদেশ বেতার—এই তিন প্রতিষ্ঠান কেবল সরকারি দপ্তর নয়; এগুলো জনগণের অর্থে পরিচালিত জাতীয় গণমাধ্যম। তাই এগুলোর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জনগণের অর্থ, তথ্যের অধিকার এবং গণমাধ্যমের ভবিষ্যৎ জড়িয়ে আছে। লোগো পরিবর্তন একটি দৃশ্যমান পরিবর্তন হতে পারে, কিন্তু দর্শকের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন তার চেয়ে অনেক বড় পরিবর্তন। প্রয়োজন তৃণমূলে প্রতিনিধি, দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ, জনসম্পৃক্ত অনুষ্ঠান, দক্ষ মানবসম্পদ, মেধাভিত্তিক নিয়োগ, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতা। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে যদি সত্যিকার অর্থে গণমুখী করা যায়, তাহলে সরকারি অর্থের ওপর নির্ভরশীল তিনটি প্রতিষ্ঠানও একদিন বেসরকারি গণমাধ্যমের জন্য প্রতিযোগিতার শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

দেখার অপেক্ষায় নতুন সরকারের নতুন দায়িত্বশীলরা কী পারবেন খাদের কিনারা থেকে উত্তরণ ঘটিয়ে রাষ্টায়াত্ত এ তিনটি গণমাধ্যমকে গণমানুষের প্রতিষ্ঠানে পরিনত করতে?

লেখক: আহমেদ আবু জাফর, চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।01712306501/[email protected]

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

এইচএসসিতে শাহরাস্তিতে পাসের হারে দ্বিতীয়; ৬৯ পরীক্ষার্থীর ৪৩ জন উত্তীর্ণ, শিক্ষার বিস্তারে ভূমিকা রাখছেন শিক্ষানুরাগী সমাজসেবক

মো. রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর)
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অর্থের চেয়ে বড় শক্তি সম্মিলিত উদ্যোগ, আর সেই উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজন দায়িত্বশীল পৃষ্ঠপোষকতা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় সেই প্রচেষ্টার একটি চিত্র দেখা যাচ্ছে। পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত আর্থিক সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা তৈরি করেছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটি ৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার অর্জন করেছে। উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ফলাফলেই থেমে থাকতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা; তাঁদের প্রত্যাশা, আগামী দিনে শতভাগ পাসের পাশাপাশি শিক্ষার মানেও দৃশ্যমান অগ্রগতি আসবে।

প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুন্নবী রাউত। তাঁর ভাষ্য, কলেজের পরিচালনা ও উন্নয়নে সভাপতি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেও তিনি সহযোগিতা করেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার এ প্রচেষ্টা প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন এবং মানবিক বিভাগে ৪০ জনের মধ্যে ২৭ জন পাস করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড পেয়েছেন ৩ জন, এ মাইনাস ১১ জন এবং বি গ্রেড পেয়েছেন ১১ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। তবে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলে তাঁর আনন্দ আরও পূর্ণতা পেত বলেও জানান তিনি।

শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠানের বাইরেও সহযোগিতা :

ইকবাল হোসেন ভূঁইয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতার পরিধি চেড়িয়ারা কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। নুরুন্নবী রাউতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর একই ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়টিকে তিন লাখ টাকা অনুদান দেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

২০২৫ সালে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ১২তম এবং আরেকজন সাধারণ গ্রেডে ১০১তম স্থান অর্জন করে বৃত্তি পেয়েছে। মেধাবী শিক্ষার্থীদের এমন সাফল্যে ইকবাল হোসেন আনন্দিত হন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান নুরুন্নবী রাউত।

সম্পদ রয়েছে, প্রয়োজন আধুনিকায়ন :

প্রতিষ্ঠানটির সরবরাহ করা সম্পদ বিবরণী অনুযায়ী, কলেজে দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, ৯টি টেবিল, ২৭টি চেয়ার, তিনটি স্টিলের আলমারি, ১৯টি পাখা এবং ৩০ জোড়া কাঠের বেঞ্চ রয়েছে। এ ছাড়া তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর রয়েছে। পুরোনো ভবন ও কলেজের অফিসকক্ষ মেরামতের তথ্যও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগোতে এসব উপকরণের পাশাপাশি আরও আধুনিক শিক্ষা সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নও গুরুত্বপূর্ণ।

ভর্তিতে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা :

কলেজ অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১৬ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৭ জন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৯৬ জন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অর্থাৎ সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষার্থী ভর্তির এ প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির প্রতি নতুন করে আগ্রহ তৈরির একটি ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তির দাবি, কলেজ পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাতে এ অর্থ ব্যয় করা হয় বলে তাঁর ভাষ্য। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যয়ের হিসাব যথানিয়মে সংরক্ষণ করা হয়।

লক্ষ্য শতভাগ পাস, সঙ্গে মানসম্মত শিক্ষা :

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পাসের হার কিংবা শিক্ষার্থীসংখ্যায় সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা কতটা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন, আধুনিক শিক্ষা উপকরণ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান ও নিয়মিত অভিভাবক যোগাযোগ ফলাফলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নুরুন্নবী রাউত আশা প্রকাশ করেন, ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একদিন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্নও দেখেন তিনি।

৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার থেকে শতভাগ পাসের লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ নয়। এ জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অবকাঠামোগত আধুনিকায়ন। ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একসূত্রে মিললে চেড়িয়ারা কলেজের বর্তমান অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।