শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদ ও একই গ্রামের (দিঘীরপাড়ের) পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ শাহ আলম মেম্বারের উদ্যোগে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্ণিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে বেগম খালেদা জিয়ার সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনায় ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদের খতিব ইমাম হোসাইন বাংলাদেশের শাসন ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন। তিনি বলেন, গনতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অতীতে তাকে অন্যায়ভাবে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। তার এই কঠিন সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার শারীরিক সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করেন।
বর্ণিত মিলাদ ও দোয়া মাহফিলে আর্থিক সহায়তা, পরামর্শ ও শ্রমদিয়ে সার্বিক সহায়তা করেন, সৌদি আরব প্রবাসী মোঃ মাসুদ, কামরুল হাসান সুমন, ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদের মুসল্লী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ আবদুর রহিম, আবুল কাসেম মিয়াজি, তোয়াসিন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, তোফায়েল হোসেন, কামরুল ইসলাম, সাফায়েত হোসেন পাটওয়ারী সহ ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন।
উল্লেখ্য, উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর ৪নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আবদুর রশিদ এবং সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণিত মিলাদ ও দোয়া মাহফিল কার্যক্রম সার্বিকভাবে তত্বাবধান করেন, মসজিদের মোয়াজ্জেন হাফেজ মাওলানা হাসান ইমাম। অনুষ্ঠানে মসজিদের মুসল্লীগন উপস্থিত ছিলেন।






