নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি: জুলাই থেকেই বাড়তি বেতন, পুরোপুরি কার্যকর ২০২৭ সালের জুলাইয়ে
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি: জুলাই থেকেই বাড়তি বেতন, পুরোপুরি কার্যকর ২০২৭ সালের জুলাইয়ে
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশ অনুযায়ী নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) তা গেজেট আকারে প্রকাশ করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে। প্রজ্ঞাপনটি এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬ হিসেবে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো একবারে শতভাগ কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন ও পুরোনো বেতনের পার্থক্যের—
৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৪০ শতাংশ।
১০ম থেকে ২০তম গ্রেড কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।
এই বর্ধিত অর্থ ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য মূল বেতনের সঙ্গে যোগ হবে।
এরপর ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দ্বিতীয় ধাপে ৯ম গ্রেড ও তদূর্ধ্বের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মোট পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ কার্যকর হবে।
সবশেষে ১ জুলাই ২০২৭ থেকে নতুন বেতন কাঠামোর নির্ধারিত মূল বেতন শতভাগ কার্যকর হবে। একই সঙ্গে প্রযোজ্য বার্ষিক বেতন বৃদ্ধিও যুক্ত হবে।
জুলাই থেকে গেজেট প্রকাশ পর্যন্ত বকেয়া পাবেন
নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য হওয়ায় ওই তারিখ থেকে প্রজ্ঞাপন জারির সময় পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য বর্ধিত বেতন বকেয়া হিসেবে পরিশোধের বিধান রাখা হয়েছে। অর্থাৎ প্রজ্ঞাপন প্রকাশের আগে যেসব মাসের বেতন পুরোনো কাঠামোয় দেওয়া হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য পার্থক্য হিসাব করে তা পরিশোধ করা হবে।
মূল বেতন বাড়লেও ভাতা পুরোপুরি এখনই নয় :
নতুন বেতন কাঠামো অনুযায়ী মূল বেতন ধাপে ধাপে বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, বাংলা নববর্ষসহ অন্যান্য ভাতার নতুন হার তাৎক্ষণিকভাবে পুরোপুরি কার্যকর হচ্ছে না। গেজেটের বাস্তবায়ন কাঠামো অনুযায়ী এসব ভাতার নতুন হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে সুবিধা :
নতুন বেতন কাঠামোর সঙ্গে পেনশনভোগীদের নিট পেনশনও পর্যায়ক্রমে সমন্বয় করা হবে। নির্ধারিত পেনশন স্ল্যাব অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত অংশের ৪০ বা ৫০ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭০ বা ৭৫ শতাংশ কার্যকর হবে। ১ জুলাই ২০২৭ থেকে নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ নিট পেনশন কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা :
নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী বেতন নির্ধারণ, বেতন ফিক্সেশন, বকেয়া হিসাব এবং পরবর্তী অর্থ পরিশোধের কার্যক্রম পরিচালনা করবে।
সংক্ষেপে বাস্তবায়ন সূচি :
১ জুলাই ২০২৬ → ৯ম ও তদূর্ধ্বে ৪০%, ১০ম–২০তম গ্রেডে ৫০%
১ জানুয়ারি ২০২৭ → যথাক্রমে ৭০% ও ৭৫%
১ জুলাই ২০২৭ → নতুন মূল বেতনের শতভাগ কার্যকর
১ জানুয়ারি ২০২৮ → নতুন কাঠামো অনুযায়ী অন্যান্য ভাতা কার্যকর।






