ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : নদী মানে শুধু পানি নয়—নদী মানে জীববৈচিত্র্য, মানুষের জীবন-জীবিকা ও প্রকৃতির প্রাণ। সেই প্রাণ ফিরিয়ে আনতে চাঁদপুরের শাহরাস্তিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহরাস্তি পৌরসভার গন্ধবপুর এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. আহসান উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, অর্থ সম্পাদক মারুফা আক্তার সিমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক ইমন ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমনসহ সংগঠনের সদস্যরা।

প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু পোনা অবমুক্ত করা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নদী ও জলজ জীববৈচিত্র্য রক্ষার একটি সুন্দর বার্তা।

তবে পোনা অবমুক্ত করলেই দায়িত্ব শেষ নয়। পোনাগুলো যেন বড় হওয়ার সুযোগ পায়, সেজন্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, ছোট মাছ ও পোনা ধরা থেকে বিরত থাকা এবং নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে স্থানীয়দের সচেতন হতে হবে।

ডাকাতিয়া নদী শাহরাস্তির মানুষের জীবন ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ জলধারা। নদীতে মাছের বিচরণ বাড়লে সমৃদ্ধ হবে জীববৈচিত্র্য, উপকৃত হবে প্রকৃতি ও মানুষ।

আজকের ছোট পোনাগুলোই একদিন বড় মাছ হয়ে ডাকাতিয়ার বুকে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনুক—এটাই ‘প্রত্যাশা’র প্রত্যাশা।

নদী বাঁচুক, মাছ বাঁচুক, বেঁচে থাকুক প্রকৃতি—বেঁচে থাকুক মানুষ।

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

এইচএসসিতে শাহরাস্তিতে পাসের হারে দ্বিতীয়; ৬৯ পরীক্ষার্থীর ৪৩ জন উত্তীর্ণ, শিক্ষার বিস্তারে ভূমিকা রাখছেন শিক্ষানুরাগী সমাজসেবক

মো. রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর)
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অর্থের চেয়ে বড় শক্তি সম্মিলিত উদ্যোগ, আর সেই উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজন দায়িত্বশীল পৃষ্ঠপোষকতা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় সেই প্রচেষ্টার একটি চিত্র দেখা যাচ্ছে। পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত আর্থিক সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা তৈরি করেছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটি ৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার অর্জন করেছে। উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ফলাফলেই থেমে থাকতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা; তাঁদের প্রত্যাশা, আগামী দিনে শতভাগ পাসের পাশাপাশি শিক্ষার মানেও দৃশ্যমান অগ্রগতি আসবে।

প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুন্নবী রাউত। তাঁর ভাষ্য, কলেজের পরিচালনা ও উন্নয়নে সভাপতি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেও তিনি সহযোগিতা করেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার এ প্রচেষ্টা প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন এবং মানবিক বিভাগে ৪০ জনের মধ্যে ২৭ জন পাস করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড পেয়েছেন ৩ জন, এ মাইনাস ১১ জন এবং বি গ্রেড পেয়েছেন ১১ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। তবে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলে তাঁর আনন্দ আরও পূর্ণতা পেত বলেও জানান তিনি।

শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠানের বাইরেও সহযোগিতা :

ইকবাল হোসেন ভূঁইয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতার পরিধি চেড়িয়ারা কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। নুরুন্নবী রাউতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর একই ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়টিকে তিন লাখ টাকা অনুদান দেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

২০২৫ সালে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ১২তম এবং আরেকজন সাধারণ গ্রেডে ১০১তম স্থান অর্জন করে বৃত্তি পেয়েছে। মেধাবী শিক্ষার্থীদের এমন সাফল্যে ইকবাল হোসেন আনন্দিত হন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান নুরুন্নবী রাউত।

সম্পদ রয়েছে, প্রয়োজন আধুনিকায়ন :

প্রতিষ্ঠানটির সরবরাহ করা সম্পদ বিবরণী অনুযায়ী, কলেজে দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, ৯টি টেবিল, ২৭টি চেয়ার, তিনটি স্টিলের আলমারি, ১৯টি পাখা এবং ৩০ জোড়া কাঠের বেঞ্চ রয়েছে। এ ছাড়া তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর রয়েছে। পুরোনো ভবন ও কলেজের অফিসকক্ষ মেরামতের তথ্যও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগোতে এসব উপকরণের পাশাপাশি আরও আধুনিক শিক্ষা সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নও গুরুত্বপূর্ণ।

ভর্তিতে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা :

কলেজ অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১৬ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৭ জন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৯৬ জন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অর্থাৎ সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষার্থী ভর্তির এ প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির প্রতি নতুন করে আগ্রহ তৈরির একটি ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তির দাবি, কলেজ পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাতে এ অর্থ ব্যয় করা হয় বলে তাঁর ভাষ্য। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যয়ের হিসাব যথানিয়মে সংরক্ষণ করা হয়।

লক্ষ্য শতভাগ পাস, সঙ্গে মানসম্মত শিক্ষা :

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পাসের হার কিংবা শিক্ষার্থীসংখ্যায় সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা কতটা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন, আধুনিক শিক্ষা উপকরণ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান ও নিয়মিত অভিভাবক যোগাযোগ ফলাফলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নুরুন্নবী রাউত আশা প্রকাশ করেন, ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একদিন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্নও দেখেন তিনি।

৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার থেকে শতভাগ পাসের লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ নয়। এ জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অবকাঠামোগত আধুনিকায়ন। ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একসূত্রে মিললে চেড়িয়ারা কলেজের বর্তমান অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

ডাকাতিয়া নদীতে পোনা অবমুক্ত করল ‘প্রত্যাশা’ মাছের সঙ্গে ফিরুক নদীর প্রাণ

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।