মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে খিলা বাজারে র্যালি ও সচেতনতামূলক সভা
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে খিলা বাজারে র্যালি ও সচেতনতামূলক সভা
কামরুল হাসান তুহিন, শাহরাস্তি প্রতিনিধি:মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজারে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি খিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

র্যালিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শাহ শরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাহার হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য হেমায়েত ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মানিক, হাবিবুর রহমান, আবদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম পরান, সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরান হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম এবং মহিলা নেত্রী ও ইউপি সদস্য রওশানসহ অনেকে।

র্যালি শেষে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা, মাদক সেবন ও ব্যবসা প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।






