নিউইয়র্কে শুক্রবার পর্দা উঠছে ৪০তম ফোবানার, তিন দিনের আয়োজনে মিলবে উত্তর আমেরিকার বাংলাদেশিরা
নিউইয়র্কে শুক্রবার পর্দা উঠছে ৪০তম ফোবানার, তিন দিনের আয়োজনে মিলবে উত্তর আমেরিকার বাংলাদেশিরা
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ : উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন ফোবানা সম্মেলনের ৪০তম আসর শুরু হচ্ছে নিউইয়র্কে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায়। নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে।
লেবার ডে উইকএন্ড উপলক্ষে আয়োজিত সম্মেলনটি চলবে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলন ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী আয়োজনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
এবারের ফোবানা সম্মেলনটি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। ৪০ বছরের পথচলায় এই সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক যোগাযোগ ও বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
এবারের সম্মেলনের আয়োজক এনআরবি অ্যাসোসিয়েশন, ইউএসএ। আয়োজকদের ভাষ্য, উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের অংশগ্রহণে সম্মেলনটি প্রবাসী সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐক্যের একটি মিলনমেলায় পরিণত হবে।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় সম্মেলনের উদ্বোধন করবেন ফোবানার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বাংলা একাডেমির একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরান নবী।
সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, উপ-এক্সিকিউটিভ সেক্রেটারি ও সাংবাদিক সুব্রত তালুকদার, ৪০তম ফোবানার কনভেনার নুরুল আমিন বাবু, মেম্বার সেক্রেটারি ও কবি মনজুর কাদের এবং চিফ প্যাট্রন শফিকুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এদিকে ৪০তম ফোবানা সম্মেলনের সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এক শুভেচ্ছাবার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, ফোবানার গুরুত্বপূর্ণ এ আয়োজনে হাকিকুল ইসলাম খোকনের অভিজ্ঞতা ও সহযোগিতা সম্মেলনকে সফল করতে ভূমিকা রাখবে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সহায়ক হবে।
চার দশকের ঐতিহ্য বহনকারী ফোবানা সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য ও শিল্পচর্চা, সামাজিক যোগাযোগ এবং পেশাজীবীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের সম্মেলনও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সংযোগ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
সম্মেলনের আয়োজক, সংশ্লিষ্ট সংগঠন ও অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ৪০তম ফোবানা সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।






