কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার :
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবিচ্ছিন্ন দ্বীপচর ‘ঝুনকার চর’। বিস্তীর্ণ এই চরের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি, দেরিতে বিদ্যালয়ে আসা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জোড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।
সোমবার পরিস্থিতি যেন সব সীমা ছাড়িয়ে যায়। বিদ্যালয়ের চার শিক্ষকের একজনও সেদিন বিদ্যালয়ে উপস্থিত হননি। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ ছিল। বিদ্যালয়ে ওঠেনি জাতীয় পতাকাও। ফলে দূর-দূরান্তের চর থেকে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়।
স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ৭৮ জন শিক্ষার্থী এবং চারজন শিক্ষক রয়েছেন। চার শিক্ষকই মূল ভূখণ্ড থেকে বিদ্যালয়ে যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, প্রায় প্রতিদিনই অন্তত একজন শিক্ষক অনুপস্থিত থাকেন। যারা বিদ্যালয়ে আসেন, তাদের কেউ কেউ নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে পৌঁছান। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং চরের দরিদ্র পরিবারের শিশুরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার সকাল ১০টার আগেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে হাজির হয়। শিক্ষক আসবেন—এই আশায় তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকে। কিন্তু কোনো শিক্ষক না আসায় একপর্যায়ে অনেক শিশু বাড়ি ফিরে যায়। কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসেই অপেক্ষা করতে থাকে।
দুপুরের আগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসে। এসে দেখে শ্রেণিকক্ষের দরজায় তালা। শিক্ষকও নেই। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। তারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকেরা সেখানে ছুটে আসেন।
অভিভাবকেরা এসে দেখেন, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ এবং কোনো শিক্ষকই উপস্থিত নেই। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তালা ভাঙার চেষ্টা করে বিক্ষোভ শুরু করে। তবে অভিভাবকেরা তাদের বাধা দেন। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে অপেক্ষা করলেও কোনো শিক্ষক সেখানে আসেননি বলে তারা জানান।
শিক্ষকদের অনুপস্থিতির কারণে শুধু পাঠদানই বন্ধ থাকেনি, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার থেকেও বঞ্চিত হয়েছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম বলে, ‘আগে প্রতিদিন একজন অথবা দুজন শিক্ষক অনুপস্থিত থাকতেন। যারা আসেন, তারাও দেরিতে আসেন। ঠিকমতো পড়াশোনা হয় না। তারপরও আমরা বিদ্যালয়ে আসি, কারণ এই চরে পড়াশোনা করার মতো আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।’
সোমবারের ঘটনা উল্লেখ করে সে বলে, ‘আজ কোনো শিক্ষকই আসেননি। শ্রেণিকক্ষের তালাও খোলা হয়নি। আমরা মিড-ডে মিলের খাবারও পাইনি।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিউলি আক্তার বলে, ‘আমরা বিদ্যালয়ে আসার আগেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা এসে বসেছিল। তারা দীর্ঘ সময় শিক্ষকদের জন্য অপেক্ষা করেছে। পরে আমরাও অপেক্ষা করি। দুপুর পর্যন্ত কোনো শিক্ষক না আসায় আমরা তালা ভাঙার চেষ্টা করি। তবে অভিভাবকেরা বাধা দেওয়ায় তালা ভাঙিনি। পরে শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করি।’
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে অনার্স প্রথম বর্ষের ছাত্র আল-আমিনের অভিযোগ, ২০১৬ সালে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশের অবনতি শুরু হয়।
তিনি বলেন, ‘শিক্ষকদের অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিষয়ে প্রশাসন ও শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।’
আল-আমিনের দাবি, প্রায় দুই সপ্তাহ আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে বিদ্যালয়টিতে তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতাও পাওয়া যায়। কিন্তু এরপরও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, ‘এই বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হচ্ছে না। শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসেন এবং চলে যান। অথচ এই চরের শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয়টি ছাড়া আর কোনো বিকল্প নেই। শিক্ষক সংকট নয়, এখানে মূল সমস্যা হচ্ছে দায়িত্ব পালনে অনীহা ও জবাবদিহির অভাব।’
শিক্ষার্থীর অভিভাবক দবিয়ার রহমান বলেন, ‘শিশুদের চিৎকার-চেঁচামেচি শুনে আমরা বিদ্যালয়ে এসে দেখি শ্রেণিকক্ষের দরজায় তালা। কোনো শিক্ষক নেই। এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।’
তিনি বলেন, ‘আগেও শিক্ষকদের অনিয়মের কথা শুনেছি। কিন্তু সোমবারের ঘটনা আগের সব অনিয়মকে ছাড়িয়ে গেছে। এই চরে যদি সন্তানদের পড়াশোনার বিকল্প কোনো ব্যবস্থা থাকত, তাহলে আমরা তাদের এই বিদ্যালয়ে পাঠাতাম না।’
তার ভাষ্য, চরের মানুষের জন্য বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা নিয়মিত না এলে দরিদ্র ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
অভিযোগের বিষয়ে খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইশরাত জাহানের সঙ্গে কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। ফলে সোমবার চার শিক্ষকই কেন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সমন্বয়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। শিক্ষার্থীদের প্রতি এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। কিছু শিক্ষকের দায়িত্বহীনতার কারণে চরের শিশুরা শিক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘চরের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
কুড়িগ্রাম সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, ‘সোমবার বিদ্যালয়ের কোনো শিক্ষকই উপস্থিত ছিলেন না। বিষয়টি আমরা জেনেছি। দায়িত্বে অবহেলার কারণে চার শিক্ষককেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করা হবে।’
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানার পরপরই অভিযুক্ত শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।’

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

এইচএসসিতে শাহরাস্তিতে পাসের হারে দ্বিতীয়; ৬৯ পরীক্ষার্থীর ৪৩ জন উত্তীর্ণ, শিক্ষার বিস্তারে ভূমিকা রাখছেন শিক্ষানুরাগী সমাজসেবক

মো. রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর)
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অর্থের চেয়ে বড় শক্তি সম্মিলিত উদ্যোগ, আর সেই উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজন দায়িত্বশীল পৃষ্ঠপোষকতা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় সেই প্রচেষ্টার একটি চিত্র দেখা যাচ্ছে। পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত আর্থিক সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা তৈরি করেছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটি ৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার অর্জন করেছে। উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ফলাফলেই থেমে থাকতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা; তাঁদের প্রত্যাশা, আগামী দিনে শতভাগ পাসের পাশাপাশি শিক্ষার মানেও দৃশ্যমান অগ্রগতি আসবে।

প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুন্নবী রাউত। তাঁর ভাষ্য, কলেজের পরিচালনা ও উন্নয়নে সভাপতি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেও তিনি সহযোগিতা করেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার এ প্রচেষ্টা প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন এবং মানবিক বিভাগে ৪০ জনের মধ্যে ২৭ জন পাস করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড পেয়েছেন ৩ জন, এ মাইনাস ১১ জন এবং বি গ্রেড পেয়েছেন ১১ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। তবে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলে তাঁর আনন্দ আরও পূর্ণতা পেত বলেও জানান তিনি।

শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠানের বাইরেও সহযোগিতা :

ইকবাল হোসেন ভূঁইয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতার পরিধি চেড়িয়ারা কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। নুরুন্নবী রাউতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর একই ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়টিকে তিন লাখ টাকা অনুদান দেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

২০২৫ সালে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ১২তম এবং আরেকজন সাধারণ গ্রেডে ১০১তম স্থান অর্জন করে বৃত্তি পেয়েছে। মেধাবী শিক্ষার্থীদের এমন সাফল্যে ইকবাল হোসেন আনন্দিত হন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান নুরুন্নবী রাউত।

সম্পদ রয়েছে, প্রয়োজন আধুনিকায়ন :

প্রতিষ্ঠানটির সরবরাহ করা সম্পদ বিবরণী অনুযায়ী, কলেজে দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, ৯টি টেবিল, ২৭টি চেয়ার, তিনটি স্টিলের আলমারি, ১৯টি পাখা এবং ৩০ জোড়া কাঠের বেঞ্চ রয়েছে। এ ছাড়া তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর রয়েছে। পুরোনো ভবন ও কলেজের অফিসকক্ষ মেরামতের তথ্যও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগোতে এসব উপকরণের পাশাপাশি আরও আধুনিক শিক্ষা সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নও গুরুত্বপূর্ণ।

ভর্তিতে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা :

কলেজ অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১৬ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৭ জন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৯৬ জন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অর্থাৎ সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষার্থী ভর্তির এ প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির প্রতি নতুন করে আগ্রহ তৈরির একটি ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তির দাবি, কলেজ পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাতে এ অর্থ ব্যয় করা হয় বলে তাঁর ভাষ্য। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যয়ের হিসাব যথানিয়মে সংরক্ষণ করা হয়।

লক্ষ্য শতভাগ পাস, সঙ্গে মানসম্মত শিক্ষা :

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পাসের হার কিংবা শিক্ষার্থীসংখ্যায় সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা কতটা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন, আধুনিক শিক্ষা উপকরণ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান ও নিয়মিত অভিভাবক যোগাযোগ ফলাফলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নুরুন্নবী রাউত আশা প্রকাশ করেন, ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একদিন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্নও দেখেন তিনি।

৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার থেকে শতভাগ পাসের লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ নয়। এ জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অবকাঠামোগত আধুনিকায়ন। ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একসূত্রে মিললে চেড়িয়ারা কলেজের বর্তমান অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চার শিক্ষকের একজনও আসেননি বিদ্যালয়ে, দিনভর তালাবদ্ধ শ্রেণিকক্ষ, জাতীয় পতাকাও ওঠেনি, তালা ভাঙার চেষ্টা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।