শাহরাস্তিতে ১২ তলাবিশিষ্ট ‘ইউনিক টাওয়ার’ মার্কেটের উদ্বোধন
শাহরাস্তিতে ১২ তলাবিশিষ্ট ‘ইউনিক টাওয়ার’ মার্কেটের উদ্বোধন
প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১২ তলাবিশিষ্ট নতুন বাণিজ্যিক ও আবাসিক ভবন ‘ইউনিক টাওয়ার’ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মডেল স্কুল সংলগ্ন ঠাকুর বাজারে নবনির্মিত এই বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ভবনটির আন্ডারগ্রাউন্ড মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। ইউনিক টাওয়ারের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ‘একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিক টাওয়ারের মতো আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠা শাহরাস্তির অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ এ সময় তিনি ব্যবসায়িক কার্যক্রমে সততা ও ন্যায়নীতি বজায় রাখার আহ্বান জানান।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহরাস্তির অন্যতম বৃহৎ এই স্থাপনার নিচের দুটি তলা বাণিজ্যিক মার্কেট হিসেবে এবং ওপরের ১০টি তলা আবাসিক ভবন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। মার্কেট অংশে কাপড়, মোবাইল ফোন, কসমেটিকস, খাবার ও ট্রাভেল এজেন্সিসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এ ছাড়া ক্রেতা ও বাসিন্দাদের সুবিধার্থে ভবনটিতে আন্ডারগ্রাউন্ড পার্কিং, লিফট ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। দোকান বরাদ্দ ও ভাড়াসংক্রান্ত তথ্যের জন্য আগ্রহীদের ইউনিক বিজনেস সেন্টারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, নায়েবে আমির বাদশাহ ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমির সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, ফয়সাল ব্রিকসের স্বত্বাধিকারী আলহাজ মহিন উদ্দিন এবং ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজীসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীদের আশা, আধুনিক অবকাঠামোসমৃদ্ধ এই মার্কেটটি চালু হওয়ায় এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।





