আজ সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম দুইদিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন।
মোঃ রুহুল আমিন : আজ ১২ মে (রবিবার) দুইদিনের সফরে সাংসদীয় আসন ২৬৪ চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম নির্বাচনী এলাকায় আসবেন। এটি তাঁর নির্বাচনী এলাকায় ২০২৪ সালের ৯বম সফর। দুইদিনের সফরের প্রথমদিন সকাল সাড়ে এগারোটায় তিনি শাহরাস্তি উপজেলার পদুয়া-মালরা সড়ক পাকাকরণ সমাপ্ত কাজের শুভ উদ্বোধন করবেন। বেলা ১:৪৫ ঘটিকায় ইউডিডি কর্তৃক হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা নিয়ে উন্নয়ন পরিকল্পনা হাজীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। একইদিন বেলা ৩ ঘটিকায় তিনি হাজীগঞ্জ গালর্স হাইস্কুলের নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দিনের সর্বশেষ কর্মসূচি হিসাবে বিকাল সাড়ে পাঁচটায় ৫ম উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( অর্থবছর ২০২৩-২০২৪) হতে প্রাপ্ত বরাদ্দ হতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবাদানের জন্য চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
সফরের দ্বিতীয় দিন ১৩ মে (সোমবার) সকাল ৯ ঘটিকায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এদিন সকাল ৯:১৫ থেকে ১১:৩০ ঘটিকায় পর্যন্ত সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের রাগৈ ডাটরা সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন, মেহের লোটরা রোড় হতে রাগৈ কুমার বাড়ী সড়কের শুভ উদ্বোধন, রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন এবং লোটরা বাজার হতে দিঘদাইর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করবেন। এইদিন দুপুর ১২:৫০ ঘটিকায় চিতোষী পশ্চিম ইউনিয়নের লেপসা জাফরনগর হতে সূচীপাড়া খেড়িহর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করবেন। বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নুনিয়া মাদ্রাসা ও ঈদগাহ সড়কের ব্রীজ মেরামত কাজের শুভ উদ্বোধন করবেন। এইদিন বিকাল সাড়ে তিনটায় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও-টেকেরহাট সড়ক,ইছাপুরা জিপিএস-পূর্ব রাজারগাঁও বকাউল বাড়ি সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করবেন।
এইদিন টেলিফোনে আয়নাতলী বাজার হতে দৈয়ারা সড়কের নূনিয়া উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ব্রীজ নির্মাণ শুভ উদ্বোধন এবং আয়নাতলী বাজার হতে দৈয়ারা সড়ক হয়ে ছাতার পাইয়া গ্রামের অভিমুখে ব্রীজ নির্মাণ শুভ উদ্বোধন করবেন।
অতঃপর দুইদিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করবেন মাননীয় সাংসদ।
উল্লেখ্য, সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সামরিক শাসক এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদায়) দায়িত্ব পান। তিনি ডিসেম্বর ১৯৯০ সাল থেকে ২০ মার্চ ১৯৯১ সাল পর্যন্ত ওই সরকারের মন্ত্রী পদমর্যদায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকা ২৬৪ চাঁদপুর-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকা থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত নির্বাচিত হন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ ও ‘পরিকল্পনা মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মত বিপুল সংখ্যক ভোটে এই এলাকার সাংসদ নির্বাচিত হন। এনির্বাচনের পর তিনি ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ’ এবং ‘পরিকল্পনা মন্ত্রণালয়’ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে যাচ্ছেন।






