শাহরাস্তি বিএনপি কার্যালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, পূজা মন্ডপকে আর্থিক অনুদান প্রদান
শাহরাস্তি বিএনপি কার্যালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, পূজা মন্ডপকে আর্থিক অনুদান প্রদান
মোঃ রুহুল আমিনঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে দূর্গা পূজা উদযাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) শাহরাস্তির কালিপাড়াস্থ বিএনপি’র কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সাবেক চাঁদপুর জেলা সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভার সভাপতিত্ব করেন, শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটওয়ারী। সভায় প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা পালন উপলক্ষে যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওই লক্ষ্যে তিনি বিএনপির কর্মী-সমর্থকদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন করা এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করেন ।
এছাড়া সভায় উপস্থিত সকলে দূর্গা পূজার সময় নিরাপত্তা, শৃঙ্খলা এবং উৎসবের পরিবেশ বজায় রাখার বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
বর্ণিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সভার সঞ্চালক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন (সেলিম), উপজেলা বিএনপির নেতা মোঃ ইকবাল হোসেন,পৌরসভার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাহবুব আলম বাবলু এবং পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আলী আজগর মোল্লা। 
এছাড়াও, থানা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ ও সদস্য সচিব আলী আজগর মিজি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে ঘুঘুরচপ জগবন্ধু সাধুর বাড়ী পূজা মণ্ডপের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল এবং শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।
জানাযায়, শাহরাস্তি উপজেলায় এবছর মোট ১৯টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভা শেষে বর্ণিত ১৯টি পূজা মন্ডপকে বিএনপি’র পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন নিখিল চন্দ্র মজুমদার।

উল্লেখ্য, মতবিনিময় সভা অনুষ্ঠানের পূর্বে সভার প্রধান অতিথি দলীয় নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে অতিসম্প্রতি মৃত্যুবরণ করা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।






