রাজনীতি আমার কাছে কোনো ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের একটি পবিত্র দায়িত্ব।” লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
রাজনীতি আমার কাছে কোনো ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের একটি পবিত্র দায়িত্ব।" লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই বিশাল শোভাযাত্রাটি মেহের কালীবাড়ি মাঠে গিয়ে জনসভার মধ্য দিয়ে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই আয়োজনটি শাহরাস্তি-হাজীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। এখানকার তৃণমূল নেতাকর্মীরা বছরের পর বছর ধরে নির্যাতন, গুম, খুন আর মামলার ভয়ে দমে যাননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের দৃঢ় অবস্থানই আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি প্রতিজ্ঞা করছি, শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব। জনগণই বিএনপির আসল শক্তি, এবং এই জনগণই আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
আসন্ন নির্বাচনে জনগণের সেবা করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “যদি দল আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের পাশে থাকার সুযোগ দেয়, তবে আমি তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব। রাজনীতি আমার কাছে কোনো ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের কল্যাণের জন্য একটি পবিত্র দায়িত্ব।”
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি একটি বিপথগামী দল অতীতে অন্যদের সঙ্গে ছিল বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রূপন, মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, সাবেক পৌর সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ এবং সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি।
উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জনসভা শেষে দলের প্রতিষ্ঠাতা সহ শীর্ষ পর্যায়ের প্রয়াত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






