শাহরাস্তিতে আল আরাফাহ পরিবহন কর্তৃপক্ষ ভাড়া কমিয়ে চমক সৃষ্টি, ক্ষুব্ধ প্রতিপক্ষ পরিবহনের শ্রমিকরা!
শাহরাস্তিতে আল আরাফাহ পরিবহন কর্তৃপক্ষ ভাড়া কমিয়ে চমক সৃষ্টি, ক্ষুব্ধ প্রতিপক্ষ পরিবহনের শ্রমিকরা!
শাহরাস্তি প্রতিনিধিঃ ঢাকা গামী আল আরাফাহ পরিবহনের ভাড়া কমিয়ে চমক সৃষ্টি করেছে! এতে প্রতিদ্বন্দ্বী অন্য পরিবহন সংস্থাগুলো ক্ষুব্ধ হয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন। সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি ‘আল-আরাফাহ পরিবহন’ এবং প্রতিদ্বন্দ্বী ‘পদ্মা এক্সক্লুসিভ পরিবহন’-এর মধ্যে সৃষ্ট বিরোধের জেরে গত ২৭ আগস্ট (বুধবার) যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। ভাড়া কমানোর সিদ্ধান্তে যাত্রীরা খুশি হলেও মালিকদের এই দ্বন্দ্বে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আরোও জানা যায়, সম্প্রতি আল-আরাফাহ পরিবহন ঢাকা-চাঁদপুর রুটে তাদের বাসের ভাড়া ৩০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করে। এতে পদ্মা এক্সক্লুসিভ অভিযোগ করে যে, আল-আরাফাহ পরিবহনের রুট পারমিটে ঝামেলা রয়েছে। যদিও আল-আরাফাহ পরিবহনের কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে তাদের কাগজপত্র বৈধ বলে দাবি করে।
সৃষ্ট বিরোধের জেরে পদ্মা এক্সক্লুসিভের মালিক-শ্রমিকরা শাহরাস্তি গেইট এলাকার দোয়াভাঙ্গা নামক স্থানে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটকে দেয়। শ্রমিকরা বাসের যাত্রীদের বাস থেকে নামিয়ে যেতে বাধ্য করার চেষ্টা করে এবং চালক ও স্টাফদের হুমকি দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঢাকা-চাঁদপুর মহাসড়কে বাস চলাচল ৩-৪ ঘন্টা বন্ধ থাকে। এ সময় পদ্মা এক্সক্লুসিভের শ্রমিকরা আল-আরাফাহ পরিবহনের চালক মোহাম্মদ সানাউল্লাহ(৪৫)কে মেরে আহত করার খবর পাওয়া গেছে। আটকে রাখা বাসের নারী, শিশু ও অসুস্থ বৃদ্ধ যাত্রীরা প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এবং শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও উভয় পক্ষে
র সঙ্গে কথা বলেন এবং জেলা প্রশাসকের সঙ্গে ঘটনাস্থল থেকে মোবাইলে যোগাযোগ করে দ্রুত উদ্ভুত সমস্যার সমাধান করেন।
এ প্রসঙ্গে আল-আরাফাহ পরিবহনের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন জানান, তারা যাত্রীদের সুবিধার জন্য ভাড়া কমিয়েছেন এবং বৈধভাবেই বাস পরিচালনা করছেন। অন্যদিকে, চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এই ধরনের বিরোধের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় যাত্রী মিজানুর রহমান বলেন, “যে কোম্পানি ভালো সেবা দেবে, যাত্রীরা ঐ পরিবহনে যাতায়াত করবে।
উল্লেখ্য, আল-আরাফাহ পরিবহন দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীসেবা দিয়ে আসছে। তারা সময় মতো ঢাকায় যাত্রী পৌঁছায়। অন্যদিকে অন্য পরিবহন সময়ের বিষয়ে একেবারেই উদাসীন।
ইউএনও নাজিয়া হোসেন জানান, বাসগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার)।






