শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

‎মোঃ শাহ আলম ভূঁইয়াঃ ‎চাঁদপুর রিজিয়নের শাহরাস্তি ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট সফলভাবে ১০ কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন করে ডায়মন্ড এজেন্ট ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
‎
‎এই অসাধারণ সাফল্যের জন্য আউটলেটের সম্মানিত এজেন্ট জনাব মোঃ আহছান উল্লাহ (সুমন) ভাইকে ব্যাংক পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
‎
‎সম্মানিত এজেন্ট মোঃ আহসান উল্যাহ বলেন,আমার এই সফলতার জন্য বিশেষ অভিনন্দন ও ধন্যবাদ জানাই আউটলেটের এএফও মো: আরিফুর রহমান তানিম ও শাহ মোঃ আরমান-কে। তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টাই এই অর্জনকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‎
‎একইসাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সম্মানিত আরসি জনাব মোবারক হোসেন এবং সম্মানিত টিম লিড জনাব আলাউদ্দিন খন্দকার ভাইকে। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা এই সাফল্যের পথকে আরও সুগম করেছে।
‎
‎১০ কোটি টাকার এই অর্জন শুধু একটি মাইলফলক নয়, এটি সম্মিলিত প্রচেষ্টা, টিমওয়ার্ক ও অদম্য পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
‎
‎আমরা বিশ্বাস করি, এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। শাহরাস্তি আউটলেটের এই গৌরবময় যাত্রা অব্যাহত থাকুক এবং চাঁদপুর রিজিয়নকে আরও এগিয়ে নিয়ে যাক।
‎
‎সবশেষে ব্যাংক এর পক্ষ থেকে শাহরাস্তি আউটলেটের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
‎

শাহরাস্তিতে ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও ছবক প্রদান অনুষ্ঠিত

শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

শাহরাস্তিতে ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও ছবক প্রদান অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীনঃ চাঁদপুরের শাহরাস্তিতে ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোলদিঘী দক্ষিণ বাজারে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরাসার নূরানী বিভাগের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলাম। পরে হামদ ও নাত পরিবেশন করেন একই বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে হাদিস শরিফ পাঠ, মাসআলা পরিবেশন, কবিতা আবৃত্তি, বাংলা, ইংরেজি ও আরবি বক্তব্যসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীরা তিন ভাষায় সূরা ফাতিহা তিলাওয়াত করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী জাহাঙ্গীর।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ। তিনি তাঁর বক্তব্যে মাদরাসার শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাহাঙ্গীর বলেন, আমি সব সময় এ মাদরাসার শিক্ষার্থীদের পাশে থাকব এবং তাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসব। শিক্ষার্থীদের পড়াশোনা ও দ্বীনি শিক্ষার প্রসারে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করব।

এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতেও মাদরাসার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এরশাদ উল্লাহ, দারুল কারীম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, চট্টগ্রাম ইসলামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মো. নিয়ামত উল্লাহ, মো. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল, হাজীগঞ্জ আল মানারাত ইসলামিয়া একাডেমির পরিচালক মাওলানা শামসুল আলম, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, অভিভাবক অতিথি মাওলানা মাসুম বিল্লাহ এবং ইতালি প্রবাসী ফয়েজ আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মাদরাসার শিক্ষার পরিবেশ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হিফজ ও নাজেরা বিভাগের ছবক প্রদান। এ সময় মাদরাসার ৩৬ জন ছাত্র-ছাত্রীকে হিফজ ও নাজেরা ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন উবাহু ইবনে ক্বাব (রা.) হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মতিউর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কাইথড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভোলদিঘী দক্ষিণ বাজার এলাকায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স প্রদর্শন না করা ও পণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগ

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত অভিযানে ফিউচার সুইটস ও গ্রিন ফুডস বেকারির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন পাওয়া যায়। পাশাপাশি পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। প্রতিষ্ঠানের লাইসেন্সও প্রদর্শন করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়। মামলাগুলোতে প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকট, আল্ট্রাসনোগ্রাম ৩ বছর ধরে বন্ধ

শাহরাস্তির ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর গৌরবময় অর্জন

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকট, আল্ট্রাসনোগ্রাম ৩ বছর ধরে বন্ধ

সেবার মান নিয়ে অভিযোগের জবাবে টিএইচও বললেন, ‘সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি’; জনবল ও যন্ত্রপাতি সংকট নিরসনে প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধ সরবরাহ ও নিরাপত্তা নিয়ে রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের টিএইচও ডাঃ সাকিল আহমেদ জানিয়েছেন, এক্স-রে ফিল্ম প্রায় শেষ পর্যায়ে, গত তিন মাস ধরে সিবিসি (CBC) পরীক্ষার মেশিন বিকল এবং প্রায় তিন বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন অচল রয়েছে। যন্ত্রপাতি সচল করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চাহিদাপত্র ও চিঠি দেওয়া হলেও এখনো প্রয়োজনীয় সমাধান মেলেনি।

গত রোববার (২২ নভেম্বর) হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রকাশিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্যে টিএইচও এসব তথ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, বিগত সময়ের তুলনায় হাসপাতালের সেবার পরিবেশ ও পরিচ্ছন্নতার মান উন্নত হয়েছে। চিকিৎসাসেবার ক্ষেত্রে চাঁদপুর জেলার অন্যতম ভালো প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটির অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স-রে পরীক্ষার ফিল্ম বর্তমানে খুব অল্প পরিমাণে রয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক না হলে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখা কঠিন হতে পারে। অন্যদিকে, প্রায় তিন মাস ধরে সিবিসি মেশিনটি বিকল। আল্ট্রাসনোগ্রাম মেশিনটি প্রায় তিন বছর ধরে অচল। মাঝখানে মেরামতের পর মাত্র দুই দিন চালু থাকলেও পুনরায় বিকল হয়ে যায়। মেশিনটি মেরামতে ব্যয় বেশি হওয়ায় সেটি সচল করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

চিকিৎসকের রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের অভিযোগকে সরাসরি নাকচ করে টিএইচও বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ ধরনের ভিজিট বন্ধ রয়েছে। তাই এ অভিযোগকে তিনি ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন।

জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট প্রসঙ্গে টিএইচও জানান, হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে এর আগেও একাধিকবার সংবাদপত্রে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু সেগুলো কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী পৌর প্রশাসক একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিষয়টি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনকেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন টিএইচও। তিনি জানান, গত তিন-চার বছরের বেশি সময় ধরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে সরকার নতুন করে কমিটি গঠনের রূপরেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যকে সভাপতি করে তাঁর দিক-নির্দেশনায় নতুন কমিটি গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এক্স-রে মেশিনের অচলাবস্থা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, বিভিন্ন অজুহাতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং হাসপাতাল এলাকায় দালালদের আনাগোনা তাঁদের ভোগান্তি বাড়াচ্ছে। পাশাপাশি মূল্যবান জিনিসপত্র হারানোর আশঙ্কা, নিরাপত্তাকর্মীর স্বল্পতা এবং হাসপাতালের শৌচাগারসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

তবে এসব অভিযোগের সবগুলোর বিষয়ে টিএইচওর বক্তব্য পাওয়া যায়নি। বিশেষ করে ওষুধ সরবরাহ, বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানোর অভিযোগ, দালালদের আনাগোনা, নিরাপত্তা এবং মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়ে পৃথকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়গুলো আরও স্পষ্ট হতো।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু স্থানীয় রোগীরাই নন, আশপাশের বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, রামগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ এলাকার মানুষও চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালটির ওপর রোগীর চাপ তুলনামূলক বেশি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এক লিখিত বক্তব্যে টিএইচও বলেন, তাঁরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের সব ধরনের সেবা চালু রাখার চেষ্টা করছেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালকে আরও সেবাবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি রোগীদের অভিযোগগুলোও নিরপেক্ষভাবে যাচাই করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত সচল করা, নতুন সরঞ্জাম সরবরাহ, ওষুধের পর্যাপ্ত মজুত, জনবল বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

রোগীদের প্রত্যাশা একটাই—অভিযোগ ও পাল্টা বক্তব্যের ঊর্ধ্বে উঠে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত, নিরাপদ ও নির্বিঘ্ন সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত হোক।

সার্বিক বিষয়ের উপর হাসপাতালের টিএইচওর একটি বক্তব্য নিতে চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতাল সম্পর্কিত নিউজ করার জন্য নির্ধারিত গণমাধ্যমকর্মী থাকে? আপনাদের মধ্যে এরকম কেউ আছে কি? তার এই প্রশ্নের জবাবে তাকে জানানো হয় শাহরাস্তিতে তথা চাঁদপুর জেলায় এমন কেউ আছেন বলে আমাদের জানা নেই! রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক হিসেবে এই দায়িত্ব আমরা পালন করতেই পারি এ বিষয়ে তিনি নির্বিকার থেকে তার বক্তব্য দিতে বিরতই থাকেন।।