শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকট, আল্ট্রাসনোগ্রাম ৩ বছর ধরে বন্ধ
সেবার মান নিয়ে অভিযোগের জবাবে টিএইচও বললেন, ‘সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি’; জনবল ও যন্ত্রপাতি সংকট নিরসনে প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধ সরবরাহ ও নিরাপত্তা নিয়ে রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের টিএইচও ডাঃ সাকিল আহমেদ জানিয়েছেন, এক্স-রে ফিল্ম প্রায় শেষ পর্যায়ে, গত তিন মাস ধরে সিবিসি (CBC) পরীক্ষার মেশিন বিকল এবং প্রায় তিন বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন অচল রয়েছে। যন্ত্রপাতি সচল করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চাহিদাপত্র ও চিঠি দেওয়া হলেও এখনো প্রয়োজনীয় সমাধান মেলেনি।
গত রোববার (২২ নভেম্বর) হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রকাশিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্যে টিএইচও এসব তথ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, বিগত সময়ের তুলনায় হাসপাতালের সেবার পরিবেশ ও পরিচ্ছন্নতার মান উন্নত হয়েছে। চিকিৎসাসেবার ক্ষেত্রে চাঁদপুর জেলার অন্যতম ভালো প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটির অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স-রে পরীক্ষার ফিল্ম বর্তমানে খুব অল্প পরিমাণে রয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক না হলে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখা কঠিন হতে পারে। অন্যদিকে, প্রায় তিন মাস ধরে সিবিসি মেশিনটি বিকল। আল্ট্রাসনোগ্রাম মেশিনটি প্রায় তিন বছর ধরে অচল। মাঝখানে মেরামতের পর মাত্র দুই দিন চালু থাকলেও পুনরায় বিকল হয়ে যায়। মেশিনটি মেরামতে ব্যয় বেশি হওয়ায় সেটি সচল করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

চিকিৎসকের রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের অভিযোগকে সরাসরি নাকচ করে টিএইচও বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ ধরনের ভিজিট বন্ধ রয়েছে। তাই এ অভিযোগকে তিনি ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন।
জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট প্রসঙ্গে টিএইচও জানান, হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে এর আগেও একাধিকবার সংবাদপত্রে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু সেগুলো কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী পৌর প্রশাসক একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিষয়টি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনকেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন টিএইচও। তিনি জানান, গত তিন-চার বছরের বেশি সময় ধরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে সরকার নতুন করে কমিটি গঠনের রূপরেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যকে সভাপতি করে তাঁর দিক-নির্দেশনায় নতুন কমিটি গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এক্স-রে মেশিনের অচলাবস্থা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, বিভিন্ন অজুহাতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং হাসপাতাল এলাকায় দালালদের আনাগোনা তাঁদের ভোগান্তি বাড়াচ্ছে। পাশাপাশি মূল্যবান জিনিসপত্র হারানোর আশঙ্কা, নিরাপত্তাকর্মীর স্বল্পতা এবং হাসপাতালের শৌচাগারসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
তবে এসব অভিযোগের সবগুলোর বিষয়ে টিএইচওর বক্তব্য পাওয়া যায়নি। বিশেষ করে ওষুধ সরবরাহ, বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানোর অভিযোগ, দালালদের আনাগোনা, নিরাপত্তা এবং মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়ে পৃথকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়গুলো আরও স্পষ্ট হতো।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু স্থানীয় রোগীরাই নন, আশপাশের বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, রামগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ এলাকার মানুষও চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালটির ওপর রোগীর চাপ তুলনামূলক বেশি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এক লিখিত বক্তব্যে টিএইচও বলেন, তাঁরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের সব ধরনের সেবা চালু রাখার চেষ্টা করছেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালকে আরও সেবাবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে তাঁরা কাজ করে যাচ্ছেন।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি রোগীদের অভিযোগগুলোও নিরপেক্ষভাবে যাচাই করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত সচল করা, নতুন সরঞ্জাম সরবরাহ, ওষুধের পর্যাপ্ত মজুত, জনবল বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
রোগীদের প্রত্যাশা একটাই—অভিযোগ ও পাল্টা বক্তব্যের ঊর্ধ্বে উঠে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত, নিরাপদ ও নির্বিঘ্ন সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত হোক।
সার্বিক বিষয়ের উপর হাসপাতালের টিএইচওর একটি বক্তব্য নিতে চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতাল সম্পর্কিত নিউজ করার জন্য নির্ধারিত গণমাধ্যমকর্মী থাকে? আপনাদের মধ্যে এরকম কেউ আছে কি? তার এই প্রশ্নের জবাবে তাকে জানানো হয় শাহরাস্তিতে তথা চাঁদপুর জেলায় এমন কেউ আছেন বলে আমাদের জানা নেই! রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক হিসেবে এই দায়িত্ব আমরা পালন করতেই পারি এ বিষয়ে তিনি নির্বিকার থেকে তার বক্তব্য দিতে বিরতই থাকেন।।