পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
শাহরাস্তি উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ২ মার্চ (শনিবার) বিকাল ৪ ঘটিকা থেকে এই কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে ১৮টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এবছর এই কার্যক্রমে যে সকল সামগ্রী বিলি করা হচ্ছে তা হলো যথাক্রমে:- মুড়ি, ছোলা, মটর ডাল, বেশন, পেঁয়াজ, আলু, সয়াবিন তৈল, চাল, চিনি এবং খেজুর ইত্যাদি। যে সামগ্ৰী বিলি করা হচ্ছে তা দিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের এক মাসের অর্ধেকের বেশি অংশ অনায়াসে চলবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন। সংস্থার সাধারণ ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের নাম প্রথমে প্রস্তাব করেন। অতঃপর সংস্থার নির্বাহী কমিটির সদস্যগণ প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যাদের তাদের প্রত্যেকের বাড়িতে সংস্থার নিজস্ব খরচে ‘স্টুডেন্ট কর্নার, মধ্য ঠাকুর বাজার, শাহরাস্তি অস্থায়ী কার্যালয় থেকে’ ইফতার সামগ্রীসমূহ পৌঁছিয়ে দেয়া হয়।
সংস্থার সাধারণ সদস্যদের নিয়ে একটি সাধারণ পরিষদ ছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে। সাধারণ পরিষদের অনুমোদনক্রমে কার্যনির্বাহী কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মেহের ডিগ্ৰী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে সজিব আহমেদ দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে ৯ নভেম্বর প্রাথমিক অবস্থায় শাহরাস্তি উপজেলায় একটি বিশেষ অবস্থার প্রেক্ষিতে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রত্যাশা ব্লাড ব্যাংক নামের এই সংস্থাটির যাত্রা শুরু করে। পরবর্তীতে ধীরে ধীরে রক্ত দানের পাশাপাশি আরও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে এই সংস্থাটি শাহরাস্তি উপজেলায় আলোচনায় আসে। সংস্থাটির কার্যক্রম বহুমাত্রিক হওয়ায় ২০২১ সালের ১৬ ডিসেম্বর “প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন” হিসেবে সংস্থার নামের পরিবর্তন আনা হয়।
ইতিমধ্যে বিনামূল্যে রক্তদানের পাশাপাশি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, অসুস্থ দরিদ্র রুগীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা, গরীব মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা, বৃক্ষ রোপন অভিযান, করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সামাজিক ও সেবা মুলক কার্যক্রম করে আসছে।
প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন, শাহরাস্তি উপজেলার কাজিরকাপ গ্ৰামের কৃতি সন্তান আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মোহাম্মদ সুমন।






