পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি শুরু, ৭ আগস্ট কমিটি গঠনের সভা
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি শুরু, ৭ আগস্ট কমিটি গঠনের সভা
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর): প্রতিষ্ঠার ৮৫ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি শুরু করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রস্তুতিমূলক সভা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষক এবং সাবেক শিক্ষকরা অংশ নিয়ে উৎসবকে সর্বজনীন ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন। স্বাগত বক্তব্য দেন ১৯৮১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. রুহুল আমিন। তিনি বলেন, এই মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রজন্মের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন তৈরির এক অনন্য উপলক্ষ।
আলোচনায় বর্তমান শিক্ষক গৌরঙ্গ চন্দ্র দে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সফিউল্লাহ বাচ্চু অনুষ্ঠানের আয়োজনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নূর আলম মোল্লা সবার অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য রাখেন, ২০১৯ সালের ব্যাচের মাহমুদুল হাসান ও মো. রাকিব হোসেন, ২০২৫ সালের ব্যাচের প্রীতম চক্রবর্তী ও আব্দুল্লাহ, ২০০৪ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মোহাম্মদ হোসেন, ২০০৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক কোহিনূর আক্তার ও নাহিদা সুলতানা, ২০১১ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মাহফুজ আলম, ১৯৮৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান উল্লাহ, এলাকার শিক্ষানুরাগী ও সাবেক শিক্ষক মো. আব্দুল মান্নান বিএসসি এবং সাবেক প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার।
বক্তারা বলেন, বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভালোবাসা এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলা হয়ে উঠতে পারে। এজন্য সর্বস্তরের প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, একটি প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করেই ৮৫ বছর পূর্তি উদযাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি বিদ্যালয়ের দেশ-বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ব্যাপক প্রচারণার মাধ্যমে আগামী ৭ আগস্ট, শুক্রবার, বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৮৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে বিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনার আবহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।






