শাহরাস্তিতে এইচএসসি ও আলীম পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন, অংশ নিচ্ছে ১ হাজার ৪৪৪ পরীক্ষার্থী
শাহরাস্তিতে এইচএসসি ও আলীম পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন, অংশ নিচ্ছে ১ হাজার ৪৪৪ পরীক্ষার্থী
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকেঃ সারাদেশের সঙ্গে আজ ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের আলীম পরীক্ষা। এ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সব পরীক্ষা কেন্দ্রে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি। সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্র কর্তৃপক্ষের সমন্বয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
উপজেলায় সরকারি একটি ও বেসরকারি পাঁচটিসহ মোট ছয়টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ২৮২ জন পরীক্ষার্থী আলীম পরীক্ষায় অংশগ্রহণ করবে। সব মিলিয়ে শাহরাস্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী।
(কলেজভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে মেহের ডিগ্রি কলেজ থেকে ২৬০ জন, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে ১৭৮ জন, সূচিপাড়া ডিগ্রি কলেজ থেকে ২৭৫ জন, চিতোষী ডিগ্রি কলেজ থেকে ২২১ জন, চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৯ জন, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮২ জন এবং চিতোষী ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।)
কেন্দ্র বিন্যাস অনুযায়ী করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে মেহের ডিগ্রি কলেজ কেন্দ্রে। অপরদিকে মেহের ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রে সূচিপাড়া ডিগ্রি কলেজ, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ এবং চিতোষী ডিগ্রি কলেজের বিএম শাখার পরীক্ষার্থীরা অংশ নেবে। অন্যদিকে সূচিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে চিতোষী ডিগ্রি কলেজ ও চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১০টি মাদ্রাসার ২৮২ জন পরীক্ষার্থীর আলীম পরীক্ষা অনুষ্ঠিত হবে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা ও শিক্ষা বোর্ডের বিধি-বিধান মেনে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় থাকবে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।
ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আলীম পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, আলীম পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে। সিসিটিভির মাধ্যমে প্রশাসন সার্বক্ষণিক কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে।
চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম জানান, তাদের প্রতিষ্ঠানের চতুর্থ ব্যাচ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের সফলতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। নকল প্রতিরোধে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
আজ প্রথম দিনে এইচএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথমপত্র এবং আলীম পরীক্ষার্থীরা আল-কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষায় অংশ নেবে।
২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিনের প্রস্তুতি শেষে জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত শাহরাস্তির এক হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রশাসনের কঠোর নজরদারি, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের প্রত্যাশার সমন্বয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন হবে—এমন আশাই সংশ্লিষ্ট সবার।






