মেহার উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহার উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহার উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষার্থীদের উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে এক প্রাণবন্ত আবহ সৃষ্টি করে। স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব হোসেন তপাদার।
এ সময় এক ক্ষুদে শিক্ষার্থীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মতবিনিময় পর্ব, যেখানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত অগ্রগতি এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন মেহার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, মেহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা শিক্ষক ও সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল আলম স্বপন, নিজমেহার মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন, উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী চক্রবর্তী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার ও তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য মো: আবদুল কাইয়ুম এবং সাংবাদিক মঈনুল ইসলাম কাজল।
বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে মেহার উচ্চ বিদ্যালয় আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিলেন সাংবাদিক মাসুদ রানা, মঈনুল ইসলাম কাজল ও মো. রুহুল আমিনসহ স্থানীয় সংবাদকর্মীরা।
সমাপনী বক্তব্যে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মেহার উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে।






