পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে আবেগের জোয়ার!অশ্রুসিক্ত নয়নে প্রিয় বিদ্যাপীঠকে বিদায়
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে আবেগের জোয়ার!অশ্রুসিক্ত নয়নে প্রিয় বিদ্যাপীঠকে বিদায়
বিশেষ প্রতিনিধি : স্মৃতিবিজড়িত আঙিনা, হাজারো স্মৃতি আর প্রিয় শিক্ষকদের মায়াবী শাসনের ইতি। আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বয়ে গেল এক বিদায়ের করুণ সুর। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং দীর্ঘ ৩৯ বছরের আলোকবর্তিকা সিনিয়র শিক্ষক মোঃ হানিফ পাটোয়ারী স্যারের অবসরজনিত সংবর্ধনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরু থেকেই ছিল এক থমথমে ভাব। যখন বিদায়ী শিক্ষার্থীরা মঞ্চে দাঁড়িয়ে তাদের কাটানো দিনগুলোর কথা বলছিলেন, তখন আর চোখের পানি ধরে রাখতে পারেননি কেউ। শিক্ষার্থীরা বলেন, “আজ আমরা আমাদের দ্বিতীয় বাড়ি ছেড়ে যাচ্ছি। বিদায়বেলা বড়ই করুণ! কিন্তু এই প্রাঙ্গণ আর আমাদের প্রিয় শিক্ষকদের শাসন-সোহাগ আজীবন হৃদয়ে গেঁথে থাকবে।”
এক ‘বাতিঘর’-এর প্রস্থান: দীর্ঘ ৩৯ বছরের পথচলা
বিদ্যালয়ের বাতিঘর হিসেবে পরিচিত সিনিয়র শিক্ষক মোঃ হানিফ পাটোয়ারী ১৯৮৫ সালের ১৫ আগস্ট শিক্ষকতা জীবন শুরু করেছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী বিগত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে তার শিক্ষকতা জীবনের ইতি ঘটলেও আজ আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়।
উপস্থিত বক্তারা আবেগজড়িত কণ্ঠে বলেন, “শিক্ষক কখনো বিদায় নেন না; তিনি বেঁচে থাকেন হাজারো শিক্ষার্থীর হৃদয়ে।” বিদায়বেলায় তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার প্রদান করা হয়।
স্মৃতিচারণ: শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের স্মৃতি রোমন্থন করে আবেগপ্লুত হয়ে পড়েন।
দোয়া ও মোনাজাত: এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষক হানিফ পাটোয়ারীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নাওড়া জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ আলাউদ্দিন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু গৌরঙ্গ চন্দ্র দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জরুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির,অবসরপ্রাপ্ত শিক্ষক মান্নান বিএসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও মন বাগানের উদ্যোক্তা শিল্পী সমীরণ দত্ত, বর্তমান কমিটির সদস্য মোঃ সফিউল্লাহ বাচ্চু, নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রবিউল হোসেন, সাবেক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী মোঃ রুহুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান উল্লাহ, সিনিয়র শিক্ষক কোহিনুর আক্তার, শিক্ষক ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যা শিল্পী আক্তার, শিক্ষার্থী, কর্মরত শিক্ষকবৃন্দ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও বিএনপির নেতা জানে আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






