হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

বিশেষ প্রতিবেদকঃ চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জে খতিয়ান জাল জালিয়াতি করে লীজকৃত ভিপি সম্পত্তি বেচাকেনার পায়তারা করার অভিযোগ উঠেছে।লিজগ্রহিতাদের কেউ কেউ ভিপি সম্পত্তির ভুয়া দলিল সৃজন করে ব্যাংকে বন্ধক রেখে কোটি টাকা লেনদেনসহ সরকারী সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা করলেও সরকারি সম্পত্তি রক্ষায় রহস্যজনক কারণে সংশ্লিষ্ট প্রশাসনের কতিপয় কর্তাব্যক্তিদের অপতৎপরতা লক্ষ্য করা গেছে। অনুসন্ধানে লীজকৃত সম্পত্তির বিভিন্ন নথির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে জানা গেছে,চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২১৩ নং মকিমাবাদ মৌজায় ১৬৯ নং খতিয়ানের ৯৮ শতাংশ ভূমি সরকারি ভিপি তালিকাভুক্ত।সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়,চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২১৩ নং মকিমাবাদ মৌজার সিএস ৯৮নং এবং পরবর্তীতে আর.এস ১৬৯নং খতিয়ানে সিএস এসএ ৫৮৯ দাগে ২৭ শতাংশ ও ৫৯১নং দাগে এক একর ৬৮ শতাংশ ভূমি ছিলো।মোট দুই একর আট শতাংশ ভূমির মালিক ও ভোগদখলকার ছিলেন বিহারী লাল বনিকের পূত্র কালি প্রসন্ন বনিক,গৌরাঙ্গ চন্দ্র সাহার পূত্র বেনু লাল সাহা,ইন্দ্রলাল বিপীল বিহারী সাহা এবং বৃন্দাবন মালির পূত্র হারিপদ সাহা,মহেন্দ্র লাল ও নিমচন্দ্র সাহা ভোগদখলে ছিল।

অপরদিকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন,২০০১ মোতাবেক আনীত ‘ক’ তফসিল তালিকা ভূক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির প্রার্থনায় দায়ের করা মোকদ্দমার(অর্পিত-৭৩/২০১২,২৫৬/১৮) তথ্য বিশ্লেষণে দেখা যায়,দুই একর ৩৫ শতাংশ ভূমির সিএস রেকর্ডীয় মালিক দেখানো হয় বৃন্দাবন মালি,নবীন চন্দ্র মালি ও মহিম চন্দ্র মালিকে।পরবর্তী নবীন চন্দ্র মালি নিঃসন্তান অবস্থায় মারা যান ফলে তাঁর অপর দুই ভাই বৃন্দাবন ও মহিম ভাইয়ের ওয়ারিশপ্রাপ্ত ভূমির মালিক হন।বৃন্দাবন মালি মৃত্যুকালে নিবারন চন্দ্র নামে এক পূত্রকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করলে নিবারণ চন্দ্র পিতার সম্পত্তির মালিক হন।সে অনুযায়ী মহিম ও নিবারণের মধ্যে আপোষ বন্টনে নিবারণ নালিশী ৯৮ খতিয়ানে এবং বেনালিশী ৯৯ খতিয়ানে একা ভোগদখলকার থাকিয়া নালিশী বেনালিশী এক একর ১৯ শতাংশ ভূমি বিক্রি করেন মুকুন্দ লাল সাহা গংদের নিকট।

বৃন্দাবন চন্দ্র মালী মৃত্যুকালে নিবারন চন্দ্র মালীকে ওয়ারিশ রাখিয়া যান উক্ত নিবারন চন্দ্র মালী তিন পুত্র নারায়ন মালী, অর্জুন চন্দ্র মালী এবং মরন চন্দ্র মালীকে ওয়ারিশ রাখিয়া মত্যুবরন করেন। অর্জুন চন্দ্র মালী দুই পূত্র পলাশ ও শ্যামলকে রাখিরা মৃত্যুবরন করেন এবং মরন চন্দ্র মালী তিন পুত্র নন্দলাল মালী, বিশ্বজিৎ মালী, ইন্দ্রজিৎ মালীকে ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরন করলে নালিশী খতিয়ানের ভূমিতে পুরুষানুসারে ওয়ারিশসূত্রে মালিক ও ভোগ দখলকার হিসেবে থাকেন।পরবর্তীতে সিএস ৯৮নং খতিয়ানের ভূমি আরএস ১৬৯নং খতিয়ানে রেকর্ড হয়। আরএস ১৬৯নং খতিয়ানে নিবারন চন্দ্র মালীর নাম সঠিক ও শুদ্ধরুপে রেকর্ড হয়।

জনৈক বলহরি বনিক পিতামৃত বিহারী লাল বনিক, ত্রিপুরা সুন্দরী বনিক পতিমৃত নিত্যানন্দ বনিক এবং বসন্ত কুমারী বনিক পতিমৃত দ্বীনবন্ধু বনিক বাদীগনের পূর্ববর্তী সৌদামিনি মালী ও নিবারন চন্দ্র মালী ও নবীন চন্দ্র মালী গং এর নাম ব্যবহারে নালিশী ৫৯১ দাগের ভূমিতে গোপনে বিভিন্ন দলিল সৃজন করে রাখে।সেই দলিলের সূত্রে বলহরি গং এর ওয়ারিশ দাবি করে বিজ্ঞ আদালতের ৭৩/২০১২ নং স্বত্ত্ব মোকদ্দমার মামলা দায়ের করে বাদী সঞ্জীব কুমার বনিক।সিএস ৯৮ আর এস ১৬৯ খতিয়ানে বন্টনের দাবিতে সঞ্জিব কুমার বণিক বিজ্ঞ কুমিল্লা ৩য় সাব জজ আদালতে ১৯৬/৭৪ নং স্বত্ত্ব বন্টন মোকদ্দমা দায়ের করে। বিজ্ঞ আদালতে সে মামলা খারিজ হয় দলিলে ত্রুটির কারণে।রায় ডিক্রির অসম্মতিতে সঞ্জিব কুমার বনিক উর্ধতন আদালতে মোকদ্দমা দায়ের করেও তাঁহার স্বত্ত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়।সঞ্জীব কুমার বনিকের কোন স্বত্ব দখল মালিকানা ছিল না বা অর্জিত হয়নি বলে বর্ণিত ১৯৬/১৯৭৪ইং মোকদ্দমা বিগত ৩০/০০/১৯৭৭ইং তারিখে দো-তরফা সূত্রে ডিসমিস হয়।ফলে নিবারন চন্দ্র মালির সম্পত্তির মালিক ও দখলকার স্বার্থ স্বত্ত্ব বহাল থাকে। অপরদিকে বাদীগনের দখককৃত তফসিল ভূমি অর্পিত সম্পত্তির “ক” তফসিল তালিকায় লিপিবদ্ধ হয়।এমনকি বাদীগণ উল্লেখিত সম্পত্তিতেই ভোগদখলে থাকেন।

এরই সূত্রধরে সরকার ২৩০/৭৩-৭৪ ভিপি লীজ কেইসমূলে বাদীগণের পূর্ববর্তী ওয়ারিশগণকে উচ্ছেদ না করে তাদের নামে অস্থায়ী লীজ প্রদান করে। লিজের সূত্র ধরেই বংশপরম্পরায় বর্তমানে বাদী বিবাদীর বংশধরগণ লীজের সম্পত্তিতে লীজমানি পরিশোধ করে বসবাস করে আসছেন।

সরকার কতৃক লীজকৃত মকিমাবাদ মৌজার সাবেক ৫৯১ দাগের ১৫৩৩,১৫৩৪,১৫৩৫,১৫৩৯,১৫৪০,১৫৪১,১৫৪২,১৫৪৬ হালদাগ ২৩০/৭৩-৭৪ ভিপি লীজ কেইস মোকদ্দমামূলে সরকারি ১/১ খতিয়ানভূক্ত ভূমি।এই সরকারি ভিপি সম্পত্তিতে দখলকার থাকাকালীন অবস্থায় ১৬৯ এসএ খতিয়ানমূলে ৫৮৯ দাগে দুই একর ৭০ শতাংশ এবং শুধুমাত্র ৫৯১ দাগে ৯৮ শতাংশ ভিপি সম্পত্তি রয়েছে বলে অনুসন্ধানকালে জানা গেছে।

কিন্তু লীজকৃত সম্পত্তির মধ্যে ১৫৩৪ দাগে সঞ্জিব কুমার বনিকের নামে বিআরএস ১৭৬৩ নম্বর খতিয়ান সৃজন হয়।সঞ্জিব কুমার বনিকের খতিয়ানের সূত্র ধরে তারই দুই পূত্র কৌশিক বনিক ও কৃষাণ বনিকের নামে আবার নামজারি খতিয়ান ২৮৫৭ সৃজন করা হয়। যদিও ২৮৫৭ খতিয়ানের নামজারি কেইস মোকদ্দমা নম্বর কোথাও উল্লেখ নেই।১৫৩৪ দাগে অর্জুন চন্দ্র মালির নামে ৪২ নম্বর,নারায়ণ চন্দ্র মালির নামে ১১০৯ নম্বর মরণ চন্দ্র মালির নামে ১৪৬৪ নম্বর বিআরএস খতিয়ান সৃজন করা হয়।কিভাবে এসব খতিয়ান সৃজন করা হয় হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা এই প্রশ্নের সদুত্তর না দিয়ে তথ্য গোপন করতে তৎপর থাকেন।

অনুসন্ধানকালে দেখা গেছে,৫৯১ দাগের সরকারি ভিপি লীজের সম্যক ভূমিতে ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে অস্থায়ী অবকাঠামো (দোকানঘর) নির্মাণ করে হাজীগঞ্জ পৌরসভা।কিন্তু সেই দোকানঘর বিক্রি করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেন একটি স্বার্থান্বেষী মহল।পৌরসভা কতৃক নির্মিত দোকানঘরের পজিশন এখনও বিক্রি হচ্ছে বলে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।একই ভিপি সম্পত্তির নামে ভূয়া দলীল সৃজন করে কোটি টাকা ব্যাংক লোন নিয়েছেন লীজগ্রহিতাদের কেউ কেউ।কেউ কেউ লীজের সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যাওয়ার চক কষছেন ইতোমধ্যে।আবার কেউ সাব লিজ দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অপর একটি স্বার্থান্বেষী মহল বর্তমানে এই সরকারি ভূমি দখলের পায়তারা করছেন বিভিন্ন অযুহাত তুলে।এই ভিপি সম্পত্তি আত্মসাতের চেষ্টারত পরাজিত শক্তি বর্তমানে ভূমি সংশ্লিষ্ট অসাধু কতিপয় কর্মকর্তাদের মোটা অংকের ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন।যারা বিগত সময়ে অবৈধ উপায়ে সরকারি সম্পত্তি জবরদখলের পাঁয়তারা করে আসছেন।

অপরদিকে বিগত দিনে যারা পূর্বপুরুষদের মালিকানাধীন ভোগদখলে থাকা সম্পত্তি (পরে ১/১) খতিয়ানে লিপিবদ্ধ হওয়ায় বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে লীজ পেয়েছেন তাদেরকেই উচ্ছেদের পায়তারা করছেন স্থানীয় প্রশাসনের অসাধু কর্তাব্যক্তিরা।যদিও খতিয়ান জালিয়াতি করে এই ভিপি সম্পত্তিকে পুঁজি করে বিভিন্ন আর্থিক লেনদেন সহ লীজের শর্তভঙ করার পরও অসাধু চক্রের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। সরকারের পক্ষে সরকারি সম্পত্তি রক্ষায় যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন উপায়ে তাদেরকেই উচ্ছেদ করে তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন একটি স্বার্থান্বেষী মহলসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুবিধাভোগী অসাধু কতিপয় কর্মকর্তা।এতে সরকারি স্বার্থ দেখার যেন কেউ নেই!

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন,লিজের শর্ত ভঙ্গ করায় আমরা একটি দোকান বন্ধ করে দিয়েছি।লিজের সম্পত্তিতে কিভাবে খতিয়ান সৃজন করেছে লীজগ্রহিতাদের কেউ কেউ?এই প্রশ্নের জবাবে তিনি জানান, তা আমাদের জানা নেই।তথ্য প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নিব।
লীজ গ্রহিতা বিশ্বজিৎ বলেন,ষড়যন্ত করে আমাদের উচ্ছেদ করার পাঁয়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল।আমার পূর্বপুরুষগণ এ সম্পত্তিতে বসবাস করে আসছেন প্রায় ৭৮ বছর পর্যন্ত। সে সুবাধে সরকার আমাদের লিজ দিয়েছে।

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

ভাইরাল রিলের বিতর্ক পেরিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল

সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল থেকে স্বীকৃতির মঞ্চে; ২০১৩ সাল থেকে শিক্ষকতা, আনন্দঘন পাঠদান ও সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা

নিজস্ব প্রতিনিধি : একটি গান, একটি রিল ভিডিও, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও ট্রল। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল ভার্চুয়াল জগতে। নানা মন্তব্য আর সমালোচনার মধ্যে একসময় ভিডিওটি সরিয়ে নিতে হয়েছিল তাঁকে। কিন্তু সেই বিতর্কের কয়েক মাস পরই সামনে এলো তাঁর শিক্ষকতা জীবনের আরেকটি পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকে পেছনে ফেলে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের বাছাই প্রক্রিয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁদের একজন বিউটি রানী পাল।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর স্বাক্ষর করা একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের নাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিউটি রানী পালের নাম ছিল না।

যে রিল ঘিরে আলোচনাঃ

চলতি বছরের ২৩ জুলাই ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় একটি গানের কয়েকটি লাইন ব্যবহার করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও প্রকাশ করেন বিউটি রানী পাল। ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’—গানের এই অংশ ব্যবহারের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটির সঙ্গে নেতিবাচক তথ্য যুক্ত করে তা প্রচার করা হলে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও ট্রল। সাইবার বুলিংয়ের মুখে একপর্যায়ে ভিডিওটি সরিয়ে নেন তিনি।

তবে ঘটনাটি শেষ পর্যন্ত কেবল একজন শিক্ষককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শত শত নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। শিক্ষক সমাজের এমন অভিনব প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।

ফলে একটি ব্যক্তিগত রিল ভিডিওকে ঘিরে শুরু হওয়া ঘটনা পরিণত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষকদের প্রতি আচরণ, ব্যক্তিস্বাধীনতা ও অনলাইন হয়রানি নিয়ে বৃহত্তর আলোচনায়।

বিতর্কের বাইরে অন্য এক পরিচয়ঃ

তবে বিউটি রানী পালের শিক্ষকতা জীবনের গল্প শুরু হয়নি ওই রিল ভিডিও দিয়ে। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত তিনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন।

শিক্ষকতা জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠদানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি সৃজনশীল নানা কৌশল ব্যবহারের চেষ্টা করেছেন তিনি। আনন্দঘন পরিবেশে পাঠদান, শরীরচর্চা এবং নাচের ছন্দে পড়াশোনাকে সহজ করে তোলার মতো বিভিন্ন কার্যক্রমের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
এর আগেও তিনি একবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ের এই স্বীকৃতি পেলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম বনাম শ্রেণিকক্ষঃ

বিউটি রানী পালের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকেও সামনে এনেছে। অনলাইনে কয়েক মিনিটের একটি ভিডিও যেমন দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তেমনি সেই ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া মন্তব্য বা প্রচারণাও মুহূর্তে একজন মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে একজন শিক্ষকের প্রকৃত কাজের পরিধি অনেক দীর্ঘ। প্রতিদিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান, তাদের আগ্রহ তৈরি করা, শেখার পরিবেশ গড়ে তোলা এবং দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার মূল্যায়ন একটি রিল ভিডিওর কয়েক মিনিটের দৃশ্য দিয়ে করা সম্ভব নয়।

বিউটি রানী পালের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা তাঁকে আলোচনায় এনেছিল। কিন্তু জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবনের কাজ ও অবদানও নতুন করে আলোচনায় এসেছে।

স্বীকৃতি কি বদলে দেয় আলোচনার ভাষা?

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পর মানুষ দ্রুত মতামত দেয়। সেখানে প্রেক্ষাপট, দীর্ঘমেয়াদি কাজ কিংবা একজন ব্যক্তির সামগ্রিক পরিচয় অনেক সময় আড়ালে পড়ে যায়। বিউটি রানী পালের ঘটনাতেও প্রথমে সামনে এসেছিল একটি রিল ভিডিও। পরে সামনে এসেছে তাঁর শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ শিক্ষকতা জীবন এবং শ্রেণিকক্ষে সৃজনশীল পাঠদানের বিষয়টি।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একই ব্যক্তিকে ঘিরে একদিকে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে তাঁর পেশাগত কাজের স্বীকৃতিও রয়েছে—দুটি বাস্তবতাই পাশাপাশি রয়েছে।

শিক্ষকের পরিচয় শ্রেণিকক্ষেইঃ

একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় তাঁর শ্রেণিকক্ষের কাজ—শিক্ষার্থীদের শেখানো, তাদের মধ্যে জানার আগ্রহ তৈরি করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা। বিউটি রানী পালের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বাইরে তাঁর শিক্ষকতা জীবনের এই দিকটিই এখন নতুন করে সামনে এসেছে।

২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর এক দশকের বেশি সময় ধরে তিনি এই পেশায় রয়েছেন। এর মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার স্বীকৃতিও পেয়েছেন একাধিকবার।

একটি রিল তাঁকে পরিচিত করেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে; আর শিক্ষকতার দীর্ঘ পথ তাঁকে এনে দিয়েছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। দুই ভিন্ন অভিজ্ঞতার মাঝখানে দাঁড়িয়ে বিউটি রানী পালের গল্পটি যেন মনে করিয়ে দেয়—ভার্চুয়াল জগতের কয়েক মুহূর্তের আলোচনার চেয়ে একজন শিক্ষকের দীর্ঘদিনের কাজ ও শিক্ষার্থীদের ওপর তার প্রভাব অনেক বেশি বিস্তৃত ও স্থায়ী।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেবে সরকার; ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন, শেষ সময় ১৫ অক্টোবর

হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেবে সরকার; ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন, শেষ সময় ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ অনুদানের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা উপকরণ উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ অনুদান দেওয়া হবে।

এবার অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটির মাধ্যমে সুপারিশকৃত আবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালন বাজেটের আওতায় বিশেষ অনুদান হিসেবে বরাদ্দ অর্থ বিতরণের লক্ষ্যে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে নির্ধারিত সংখ্যক যোগ্য আবেদনকারী পাওয়া যায়নি। পাশাপাশি দেশের প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল ও হাওর এলাকার অনেক সম্ভাব্য প্রার্থী অনলাইনে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন করে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে খাতে দেওয়া হবে অনুদান:

বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম কেনা, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করা এবং পাঠাগার উন্নয়নে বিশেষ অনুদান দেওয়া হবে।

এ ছাড়া বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনাজনিত কারণে আর্থিক সহায়তার জন্যও আবেদন করা যাবে।

অগ্রাধিকার পাবেন যেসব শিক্ষার্থীঃ

সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনায় আক্রান্ত, দুস্থ, মেধাবী, এতিম, অদম্য মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরাও অগ্রাধিকার তালিকায় থাকবেন।

দেশের উপকূলীয়, চরাঞ্চল, হাওর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদেরও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে।
যেভাবে করতে হবে আবেদনঃ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদান পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা প্রধান শিক্ষক নির্ধারিত ফরমে আবেদন করবেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে করতে হবে। আর স্নাতক বা সমমান এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ বা রেজিস্ট্রারের মাধ্যমে নির্ধারিত ফরমে জমা দিতে হবে।

প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা রেজিস্ট্রার আবেদনগুলো গ্রহণ করে প্রাথমিক যাচাই-বাছাই শেষে একত্র করবেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

অনলাইন ও ম্যানুয়াল পদ্ধতিতে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদন যাতে দ্বৈতভাবে সুপারিশ না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এ জন্য জেলা কমিটি আগে অনলাইনে সুপারিশ করা তালিকার সঙ্গে নতুন করে ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়া আবেদনসমূহ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

নির্ধারিত আবেদন ফরম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট www.shed.gov.bd-এ পাওয়া যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

সময়সীমা ১৫ অক্টোবরঃ

প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা রেজিস্ট্রারের মাধ্যমে পাওয়া আবেদন জেলা কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ করবে। সুপারিশকৃত তালিকা আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর পৌঁছাতে হবে।
নির্ধারিত সময়ের পর পাওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।

শিক্ষার সুযোগ ও সহায়তা যেন কেবল শহর কিংবা সুবিধাভোগী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে—বিশেষ করে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের কাছে সরকারি সহায়তার সুযোগ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে বিজ্ঞপ্তির তথ্য থেকে প্রতীয়মান হয়।

অগ্নিঝরা প্রীতিলতা: পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম বাঙালি নারী শহীদ

হাজীগঞ্জে লীজের ভিপি সম্পত্তি বেচাকেনার পাঁয়তারা!

অগ্নিঝরা প্রীতিলতা: পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম বাঙালি নারী শহীদ

—— মানিক লাল ঘোষ ——
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে কজন বিপ্লবীর নাম সাহস, আত্মত্যাগ ও দুর্জয় প্রত্যয়ের প্রতীক হয়ে আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁদের অন্যতম। তিনি শুধু একজন বিপ্লবী নারী ছিলেন না; ছিলেন এমন এক সময়ের অদম্য কণ্ঠ, যখন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়ানো তো দূরের কথা, নারীর জন্য প্রকাশ্য রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ ছিল নানা বাধায় পরিপূর্ণ। মাত্র ২১ বছরের জীবনে প্রীতিলতা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আজও উপমহাদেশের ইতিহাসে গভীরভাবে স্মরণীয়।
২৪ সেপ্টেম্বর তাঁর শহীদ হওয়ার দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে—যিনি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিজের জীবনের চেয়েও বড় করে দেখেছিলেন।
১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম। তাঁর বাবা জগবন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম পৌরসভায় চাকরি করতেন এবং মা প্রতিভাময়ী দেবী ছিলেন গৃহিণী। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই প্রীতিলতা ছিলেন অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও মননশীল।
চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনি ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকার ইডেন কলেজে ভর্তি হন। ১৯২৯ সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় তিনি ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ৫ম ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরে কলকাতার বেথুন কলেজে দর্শন নিয়ে পড়াশোনা করেন এবং কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, প্রীতিলতা কেবল সাহসী বিপ্লবীই ছিলেন না; তিনি ছিলেন একজন গভীর মননশীল ও মেধাবী নারীও।
শিক্ষাজীবন শেষ করে তিনি চট্টগ্রামে ফিরে শিক্ষকতা পেশায় যোগ দেন। নন্দনকানন অপরনাচরণ স্কুলে তিনি শিক্ষকতা করেন এবং পরে প্রধান শিক্ষিকার দায়িত্বও পালন করেন। একটি নিরাপদ ও সম্মানজনক পেশাজীবন তাঁর সামনে উন্মুক্ত ছিল। কিন্তু দেশের পরাধীনতা, ঔপনিবেশিক শোষণ এবং বৈষম্যের বাস্তবতা তাঁকে অন্য এক পথে টেনে নেয়।
ছাত্রজীবন থেকেই প্রীতিলতার মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হতে থাকে। ঢাকায় পড়াশোনার সময় তিনি দীপালি সংঘের সঙ্গে যুক্ত হন—যে সংগঠনের মাধ্যমে নারীদের শারীরিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হতো। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন।
চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের প্রধান সংগঠক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর জীবনে আসে নতুন অধ্যায়। বিপ্লবী কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ তখন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবু প্রীতিলতা ধীরে ধীরে সংগঠনের আস্থা অর্জন করেন। গোপন যোগাযোগ, বিপ্লবীদের সহায়তা, সংবাদ ও প্রচারপত্র পৌঁছে দেওয়া, বিপ্লবী কর্মকাণ্ডের প্রস্তুতি এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তিনি অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শুধু একজন সহযোগী নন, গুরুত্বপূর্ণ একজন সংগঠক ও নেতৃত্বদানের যোগ্য বিপ্লবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৩২ সালে ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলন তখন চট্টগ্রামে তীব্রতর। এরই মধ্যে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিকল্পনা করা হয়। ঔপনিবেশিক সমাজব্যবস্থায় ক্লাবটি ছিল ইউরোপীয়দের সামাজিক আধিপত্য ও বর্ণবৈষম্যের একটি প্রতীক। ক্লাবটির প্রবেশপথে থাকা ‘Dogs and Indians not allowed’ ধরনের বর্ণবাদী বার্তা ভারতীয়দের প্রতি ঔপনিবেশিক অবজ্ঞার নির্মম প্রকাশ হিসেবে স্মরণ করা হয়।
এই ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণের দায়িত্ব শেষ পর্যন্ত প্রীতিলতার ওপর অর্পিত হয়। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে, যা ২৪ সেপ্টেম্বরের প্রথম প্রহর পর্যন্ত গড়ায়, তিনি বিপ্লবীদের একটি দল নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে অভিযান পরিচালনা করেন। পুরুষের ছদ্মবেশে তিনি দলের নেতৃত্ব দেন। বিপ্লবীরা ক্লাবে হামলা চালায় এবং ভবনের অংশবিশেষে আগুন ধরিয়ে দেয়। অভিযান শেষে ফিরে আসার সময় ব্রিটিশ পুলিশের গুলিতে প্রীতিলতা আহত হন এবং একপর্যায়ে তিনি বিচ্ছিন্ন ও ঘেরাও হয়ে পড়েন।
প্রীতিলতা জানতেন, ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়লে তাঁকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের মুখোমুখি হতে হতে পারে এবং তাঁর সহযোদ্ধাদের নিরাপত্তাও বিপন্ন হতে পারে। বিপ্লবীদের মধ্যে বন্দিত্ব এড়ানোর জন্য সায়ানাইড বহনের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত তিনি পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করেন। ২৪ সেপ্টেম্বর ১৯৩২ মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। পরবর্তী ময়নাতদন্তে জানা যায়, গুলির আঘাতটি প্রাণঘাতী ছিল না; সায়ানাইড বিষক্রিয়াই তাঁর মৃত্যুর কারণ ছিল।
প্রীতিলতার মৃত্যুর মধ্য দিয়ে একটি জীবন থেমে গেলেও তাঁর আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস থেমে যায়নি। তিনি হয়ে উঠলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালি নারীর সাহস ও আত্মত্যাগের এক শক্তিশালী প্রতীক। সমকালীন ও পরবর্তী ইতিহাসচর্চায় তাঁকে বাংলার প্রথম নারী শহীদদের অন্যতম হিসেবে স্মরণ করা হয়েছে।
প্রীতিলতার জীবনকে শুধু তাঁর মৃত্যুর ঘটনা দিয়ে বিচার করলে তাঁর সংগ্রামের পূর্ণতা ধরা পড়ে না। একজন মেধাবী ছাত্রী থেকে শিক্ষক, শিক্ষক থেকে বিপ্লবী সংগঠক এবং শেষ পর্যন্ত একটি সশস্ত্র অভিযানের নেত্রী—এই দীর্ঘ পথপরিক্রমাই তাঁর জীবনের প্রকৃত তাৎপর্য।
আজকের দিনে প্রীতিলতাকে স্মরণ করার অর্থ শুধু অতীতের একজন বিপ্লবীকে শ্রদ্ধা জানানো নয়; তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া যে, শিক্ষা, আত্মমর্যাদা, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—এই মূল্যবোধগুলো একজন মানুষকে ইতিহাসের অংশ করে তুলতে পারে। তাঁর আত্মত্যাগ আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আর তাঁর স্মৃতি অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানবিক সমাজ নির্মাণের প্রেরণা হয়ে থাকতে পারে।
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন অগ্নিঝরা এক জীবন, যার দীপ্তি মাত্র ২১ বছরের আয়ুতে সীমাবদ্ধ থাকেনি। তাঁর নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর আবেগে।
শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের পবিত্র স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

(মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি)