কাতারের শ্রমমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাত
কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাংলাদেশী কর্মীদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সোমবার, ২৭ মে ২০২৪ তারিখে কাতারের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আলী বিন সাঈদ বিন সামিক আল মাররি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় এবং বৈঠকে কাতারের শ্রমবাজার
ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় ।
বাংলাদেশের প্রতিমন্ত্রী এ বৈঠক আয়োজনের জন্য কাতার কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে গত এপ্রিল মাসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর ঐতিহাসিক সফরের কথা উল্লেখ করেন।
কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে কাতারের আমিরের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরো গতিশীল হবে।
প্রতিমন্ত্রী অবগত করেন বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য, প্রকৌশল, আইটি, ব্যবসা ইত্যাদি বিষয়ে নিয়মিত দক্ষ জনবল তৈরি হচ্ছে। এর পাশাপাশি টিটিসি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলোতে প্রচুর দক্ষ কর্মী গড়ে উঠছে। বাংলাদেশের এই সম্ভাবনাময় জনবল কাতারের যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে। দক্ষ জনশক্তির পাশাপাশি আধা-দক্ষ ও শ্রমভিত্তিক কর্মী গ্রহন অব্যাহত রাখার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশ হতে মেধা যাচাইয়ের মাধ্যমে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগের জন্যও অনুরোধ করেন।
কাতারের শ্রমমন্ত্রী জানান বাংলাদেশ বাংলাদেশ হতে তারা জনবল গ্রহন অব্যাহত রাখতে চান, তবে নির্মাণ খাত ও এ সংশ্লিষ্ট কায়িক কর্মী সংক্রান্ত তাদের বর্তমান চাহিদা বেশ কম। তারা বর্তমানে বাংলাদেশ হতে স্বাস্থ্যসবা, হসপিটালিটি, প্রযুক্তি, ব্যবস্থাপনা ইত্যাদি খাতে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী।
প্রতিমন্ত্রী চৌধুরী কাতারি মন্ত্রীকে জানান বাংলাদেশী প্রবাসীদেরকে স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে চলার জন্য দূতাবাস থেকে সবসময় সচেতন করা হয় । কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় দূতাবাসের চলমান সচেতনামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। কাতারের শ্রমমন্ত্রী জানান বাংলাদেশী কর্মীদের আইন-শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে।
বাংলাদেশে কাতার ভিসা সেন্টারের কার্যক্রম, দীর্ঘসূত্রিতা এবং স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরলে কাতারের শ্রমমন্ত্রী কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি শেখা নাজওয়া বিনতে আব্দুর রহমান আল থানি, প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল আলম, দূতাবাসের মিশন উপ প্রধান মোঃ ওয়ালিউর রহমান, কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সেলর তনময় ইসলাম সহ কাতারের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।










