কচুয়ায় ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের উপর পৈশাচিক হামলা
কচুয়ায় ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের উপর পৈশাচিক হামলা
বিশেষ প্রতিবেদনঃ চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মুসুল্লি বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক নির্মম, হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা ঘটেছে। ঘটনায় প্রকাশ আপন ছোট দুই ভাই শাখাওয়াত হোসেন (৩৯) ও শাহাদাত হোসেন (৩৩), পিতা- মৃত. হাফেজ মোহাম্মদ এমরান, গ্ৰাম-আশ্রাফপুর, ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড, থানা কচুয়া, জেলা – চাঁদপুর। পরিকল্পিতভাবে বড় ভাই আবু ইউসুফ শামীম (৪৭), ভাবি তানজিনা আক্তার কাকন (৩৭) ও তাদের সন্তানদের ওপর চালিয়েছে এই পৈশাচিক হামলা। হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে চালানো এই হামলায় রক্তাক্ত হন পরিবারের চার সদস্য।
আলোচিত ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায়। জানাযায়, পারিবারিক পূর্ব বিরোধের সূত্র ধরে ঐদিন বড় ভাইয়ের ঘরের সামনে এসে বড় ভাইকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত হানে শাখাওয়াত হোসেন ও শাহাদাত হোসেন। প্রথমে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় তারপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তার পাঁজর ও হাত ভেঙে দেয়। এসময় বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।
অতঃপর তারা বড় ভাইয়ের স্ত্রীকে আক্রমণ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তারও মাথায় তিনটি কোপ দেয়। এসময় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ভেঙে দেয় একটি আঙুল, ছিঁড়ে ফেলে তার পরনের কাপড়। এসময় লাঠিসোঁটার আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে ভাবীর শ্রীলতা হানি করার উদ্দেশ্যে তার পরনের কাপড় খুলে ফেলে।
এই ভয়াবহ হামলার সময় পাশে থাকা বড় ভাইয়ের ছেলে মোঃ নাজমুল হাসান (২৩) ও মেয়ে জান্নাতুল ফেরদাউস ইনতিয়া(১০)কে (ভাতিজা ও ভাতিজিও) মারধর করে মারাত্মকভাবে আহত করে।
এদিকে ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। আহত চারজনকেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটানো। বড় ভাইয়ের সন্তানদের ভাষ্য “আপন ভাইদের মুখে ছিল হিংস্র জানোয়ারের মতো উন্মত্ততা। ”
এলাকায় এই ঘটনায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, রক্তের সম্পর্কের ভাই, ভাবী, ভাতিজা ও ভাতিজীর উপর এমন পৈশাচিক ও ভয়াবহ হামলা তারা আগে কখনো দেখেননি।
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি উঠেছে—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে এই নিষ্ঠুর ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক।
এবিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম এক প্রশ্নের জবাবে জানান, উল্লেখিত বিষয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে যার মামলা নম্বর-২০, তারিখ: ১৮/৪/২০২৫ ইং। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তদন্তে মারামারির ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এখন আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্ৰহন করা হবে।






