পুলিশে ১৪ হাজার জনবল নিয়োগে চূড়ান্ত অনুমোদন
পুলিশে ১৪ হাজার জনবল নিয়োগে চূড়ান্ত অনুমোদন
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তুতি সম্পন্ন, চলমান বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নেওয়ার পরিকল্পনা
দূর্বার নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে বড় পরিসরে জনবল নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন করে ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এবং সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সব ধরনের দাপ্তরিক অনুমোদন শেষ হওয়ায় যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে পুলিশ সদর দপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ নিয়োগের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে পুলিশে চাকরির প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীদের সামনে নতুন কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে।
বিশেষ করে এবারই প্রথমবারের মতো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো।
এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রথম আলোকে জানান, পুলিশে বড় পরিসরে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে এখন আর কোনো প্রশাসনিক বাধা নেই। ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের প্রয়োজনীয় অনুমোদন ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তর যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।
চলমান বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা।
তিনি প্রথম আলোকে জানান, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। পাশাপাশি নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। সব দিক বিবেচনায় চলমান নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বিদ্যমান ২ হাজার শূন্য পদের সঙ্গে নতুন অনুমোদিত পদ থেকে আরও ৪ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চলমান প্রক্রিয়ায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে।
এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
পদসংখ্যা ৬ হাজারে উন্নীত হলে আগের নিয়োগের তুলনায় এবার প্রতিযোগিতার চাপ কমতে পারে। গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন প্রায় ৪৭ জন। এবার ১ লাখ ২ হাজার ৬৯৪ জন আবেদনকারীর বিপরীতে ৬ হাজার পদ পূরণ করা হলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যেভাবে হবে নিয়োগ বাছাই :
বাংলাদেশ পুলিশে কনস্টেবল ও এসআই পদে নিয়োগের ক্ষেত্রে কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হয়। প্রার্থীদের শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়।
কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হয়।
অন্যদিকে এসআই পদে প্রথমে আবেদনকারীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। পরবর্তী ধাপে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়।
উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীর মেধা ও যোগ্যতার পাশাপাশি প্রয়োজনীয় পুলিশি যাচাই-বাছাই করা হয়। আবেদনপত্রে মিথ্যা বা জাল তথ্য প্রদান কিংবা নিয়োগের কোনো পর্যায়ে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।
এসআই ও কনস্টেবলের দায়িত্ব ও বেতন-ভাতা
পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ে একজন উপপরিদর্শক (এসআই) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি কাজ করেন।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে প্রারম্ভিক মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। অন্যদিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদটি ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া বিনা মূল্যে পোশাক, রেশন সুবিধা, উন্নত চিকিৎসাসেবা এবং প্রশিক্ষণকালীন নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা দেওয়া হয়।
মেধা, দক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে উভয় পদ থেকেই উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
সরকারের এই বড় নিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসনের পাশাপাশি দেশের বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো, ১৯ নভেম্বর ২০২৬।





