শাহরাস্তিতে দুই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
শাহরাস্তিতে দুই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি,শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে চাঁদপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে দুটি প্রকল্পে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সরেজমিন অনুসন্ধানে একটি প্রকল্পের কাজের দৃশ্যমান প্রমাণ মেলেনি। অন্য প্রকল্পে স্থানীয় উদ্যোগে প্রকল্পস্থলে সামান্য বালু ফেলার তথ্য পাওয়া গেলেও বরাদ্দের অর্থের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।
চাঁদপুর জেলা পরিষদের বরাদ্দসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রকল্প দুটি হলো—দেবীপুর কেন্দ্রীয় ঈদগাহ ও আকবরিয়া আহলে বায়েত মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ এবং তালুকদার বাড়ির পাঞ্জেগানা পুনর্নির্মাণ। উভয় প্রকল্পেই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।দেবীপুরের প্রকল্পটি বাস্তবায়নে কাগজে কলমে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলেও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি প্রকল্প বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্টরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,প্রকল্পস্থলে কয়েক গাড়ি বালু ফেলার তথ্য পাওয়া গেছে। তবে এই বালু প্রকল্পের বরাদ্দ থেকে কেনা হয়েছে, নাকি স্থানীয় উদ্যোগে ফেলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।কেউ কথা বলতে রাজি হননি। দুই লাখ টাকার বিপরীতে কী পরিমাণ কাজ হয়েছে, সে সম্পর্কেও কোনো ব্যয়ের হিসাব বা বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।তবে স্থানীয়রা বলছেন, ‘এসব চেয়ারম্যান সাহেব নিজেই দেখে’।
অন্যদিকে, তালুকদার বাড়ির পাঞ্জেগানা মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে আরও বড় প্রশ্ন। প্রকল্পে উল্লেখিত স্থানে সরেজমিনে কোনো পাঞ্জেগানা বা পুনর্নির্মাণকাজের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় দুই বছর আগে একটি তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। ফলে প্রকল্পের নির্ধারিত স্থান, কাজের ধরন ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মেহের উত্তর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ইউনিয়নে একাধিক তালুকদার বাড়ি থাকার কথা জানিয়ে নির্দিষ্ট স্থান জানতে চান। পরে ওই স্থানে কোনো প্রকল্প বরাদ্দের কথা তাঁর জানা নেই বলে জানান। কিছুক্ষণ পর পুনরায় ফোন করে তিনি উত্তর দিকের গ্রামের পশ্চিম পাশে একটি মসজিদের কথা উল্লেখ করেন। তবে সেখানে গিয়েও সরকারি বরাদ্দের অর্থে কাজ করার দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, মসজিদটি ব্যক্তিগত ও স্থানীয় সহযোগিতায় নির্মিত হয়েছে।

একই গ্রামের মধ্যপাড়া ও পূর্বপাড়া মসজিদেও বরাদ্দের অর্থ ব্যয়ের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মসজিদ কমিটির ব্যক্তিদের সঙ্গে কথা বলেও সরকারি অর্থে নির্মাণকাজের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।কিন্তু চাঁদপুর জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের অনুমোদিত প্রকল্প তালিকায় প্রকল্প দুটি উল্লেখ রয়েছে।
এদিকে, প্রকল্প দুটির বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের বিস্তারিত জানতে চেয়ারম্যান প্রতিবেদককে তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলার অনুরোধ জানিয়েছেন।
প্রকল্প দুটির বরাদ্দের বিপরীতে বাস্তব কাজের পরিমাণ, অর্থ ছাড় ও ব্যয়ের হিসাব, পিআইসি কমিটির কার্যবিবরণী, ভাউচার এবং বাস্তবায়ন প্রতিবেদন সম্পর্কে মৌখিক কোনও তথ্য দিতে রাজি হয়নি প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা গেছে, চেয়ারম্যান নিজেই এই প্রকল্পের তদারকি করেছেন যদিও কাগজে কলমে পিআইসি কমিটি রয়েছে।অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের একজন সদস্য জানান,এসব প্রকল্প চেয়ারম্যানদের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। সব চেয়ারম্যান জানেন। প্রকল্পের কাজও করেন অধিকাংশ ইউপি চেয়ারম্যান।






