মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহরাস্তির কৃষ্ণপুরে জনসচেতনতামূলক সভা
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহরাস্তির কৃষ্ণপুরে জনসচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকেঃ ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা। সমাজ থেকে মাদক নির্মূলে পরিবার, প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সচেতন পরিবারই পারে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে।
বিকেল পাঁচটায় কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুর রহমান আরজু।
সভায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, প্রকৌশলী মো. কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ. এম. বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, চিকিৎসক ডা. দিদার হোসেন এবং ব্যবসায়ী মো. মাকসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই সন্তানের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করছে—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে একযোগে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধেও সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ, নেশাই অধিকাংশ অপরাধের মূল উৎস। আগামী প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার থেকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি মডেল থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম,
শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডাঃ দিদার হোসেন, ব্যবসায়ী মোঃ মাকসুদ।
তাঁরা বলেন, মাদকবিরোধী আন্দোলনকে শুধু প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা ছাড়া একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাকিল হোসেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইমরান হোসেন, আব্দুল্লাহ, শিমুলসহ কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক তরুণ-যুবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
সভা শেষে উপস্থিত সবার কণ্ঠে উচ্চারিত হয় একটাই প্রত্যয়—‘মাদককে না বলি, মাদকমুক্ত পরিবার গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি।’






