ভোলদিঘী কামিল মাদ্রাসার আলেম পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার অনন্য আয়োজন; প্রশংসায় ভাসছে ভোলাদিঘী কামিল মাদ্রাসা
ভোলদিঘী কামিল মাদ্রাসার আলেম পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার অনন্য আয়োজন; প্রশংসায় ভাসছে ভোলাদিঘী কামিল মাদ্রাসা
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : শিক্ষার্থীদের বিদায় শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং দোয়া, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং সবুজ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ভোলাদিঘী কামিল মাদ্রাসা। ২০২৬ সালের আলেম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু সচেতনতা কার্যক্রম উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. সোলায়মান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিদায়ী আলেম পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক আদর্শ এবং জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; বরং একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত শিক্ষার লক্ষ্য। তিনি পরীক্ষার্থীদের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী আলেম পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আবেগঘন পরিবেশে একে অপরের জন্য দোয়া ও শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে বিদায় মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।
দোয়া মাহফিল শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদ্রাসা প্রাঙ্গণে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।
উল্লেখ্য, “মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি” কর্মসূচির অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ বছর ভোলাদিঘী কামিল মাদ্রাসা থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী আলেম পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা প্রতিষ্ঠানটির ৭৪তম ব্যাচ হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিদায়ের এই মাহেন্দ্রক্ষণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
“একটি হলেও বৃক্ষরোপণ, কমবে জনে জনে; সবুজ দেশের সুস্থ বাতাস, গাছই সবার প্রাণে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পরিবেশ সংরক্ষণের যে সুন্দর সমন্বয় ভোলাদিঘী কামিল মাদ্রাসা উপহার দিয়েছে, তা নিঃসন্দেহে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায়ের আবেগকে সবুজের অঙ্গীকারে রূপ দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।






