সরকারি গাছ কাটার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের সাংবাদিক সম্মেলন
সরকারি গাছ কাটার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের সাংবাদিক সম্মেলন
বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সরকারি গাছ কাটার অভিযোগ সংক্রান্ত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহরাস্তি প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজের অবস্থান তুলে ধরে বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সাংবাদিক সম্মেলনে শেখ বেলায়েত হোসেন সেলিম বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগত লাভের জন্য তিনি কখনো রাজনীতি করেননি। তিনি দাবি করেন, ২০০২ সালের ২৩ জুন তৎকালীন পৌর চেয়ারম্যানের অনুমতিক্রমে সংশ্লিষ্ট সড়কের পাশে নিজ অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সময়ের পরিক্রমায় অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেলেও কিছু গাছ টিকে ছিল, যা পরবর্তীতে স্থানীয় একটি মসজিদের প্রয়োজনে দান করা হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী ব্যস্ততার কারণে গাছ কাটার বিষয়টি পৌর কর্তৃপক্ষ ও বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা সম্ভব হয়নি। তবে ঈদের ছুটি শেষে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
শেখ বেলায়েত হোসেন সেলিমের বক্তব্যের সমর্থনে শ্রীপুর উত্তর-পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বলেন, গাছগুলো মসজিদের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য দান করা হয়েছে। তার জানা মতে, শেখ বেলায়েত হোসেন সেলিম কখনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। একই ধরনের বক্তব্য দেন মসজিদ কমিটির অপর সদস্য শিক্ষক ইমাম হোসেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও জনসভাকে কেন্দ্র করে একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
এক পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “যারা আমার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করছেন, তাদের অসৎ উদ্দেশ্য কখনো সফল হবে না। সত্য একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আমার বিচার হোক। আমি ন্যায়বিচার চাই, সত্যের জয় চাই।”
উল্লেখ্য, ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সড়কের পাশের কয়েকটি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে নিজের বক্তব্য ও অবস্থান জনসম্মুখে তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন শেখ বেলায়েত হোসেন সেলিম।






