সরকারি হচ্ছে শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ, প্রধানমন্ত্রীর সদয় সম্মতি
সরকারি হচ্ছে শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ, প্রধানমন্ত্রীর সদয় সম্মতি
দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে শাহরাস্তিবাসী, আনন্দে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিক্ষা অঙ্গনের জন্য এলো এক ঐতিহাসিক সুখবর। বহুদিনের প্রত্যাশা ও আন্দোলনের ফলস্বরূপ অবশেষে সরকারি হতে যাচ্ছে উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শাহরাস্তিজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এলাকাবাসী এটিকে শাহরাস্তির শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যায়িত করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ১৯ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নীতিগত অনুমোদন পাওয়ার পর মেহের ডিগ্রি কলেজকে সরকারি করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজটি জাতীয়করণের বিষয়ে সদয় সম্মতি প্রদান করেছেন।
শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম : কলেজটিকে সরকারি করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জরুরি ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
১). কলেজে নতুন কোনো নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদ হস্তান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা;
২). শিগগিরই একটি বিশেষ প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন;
৩). আর্থিক ও প্রশাসনিক বিষয়াদি যাচাই-বাছাই;
৪). মামলা-মোকদ্দমা ও অন্যান্য আইনি জটিলতা আছে কি না সে বিষয়ে প্রতিবেদন প্রস্তুত;
৫). কলেজ কর্তৃপক্ষের অঙ্গীকারনামা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলিম স্বাক্ষরিত আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস : খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন শাহরাস্তিবাসী। অনেকেই লিখেছেন, “মেহের ডিগ্রি কলেজ সরকারি করণ ছিল আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।” কেউ কেউ একে উপজেলার শিক্ষার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলেও মন্তব্য করেছেন।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যের বাতিঘর : স্বাধীনতার পরপরই, ১৯৭২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় মেহের ডিগ্রি কলেজ। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি শাহরাস্তি ও আশপাশের অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাজারো শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
দীর্ঘ প্রচেষ্টার ফল : স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক দীর্ঘদিন ধরে মেহের ডিগ্রি কলেজকে সরকারি করার দাবি বিভিন্ন সভা-সমাবেশে তুলে ধরেছেন। সর্বশেষ চলতি বছরের বিগত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের সময় শাহরাস্তির ওয়ারুক বাজারে আয়োজিত পথসভায় তিনি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এর ধারাবাহিকতায় সরকার কলেজটি জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষার নতুন দিগন্তের প্রত্যাশা : স্থানীয় শিক্ষানুরাগীদের বিশ্বাস, সরকারি হলে মেহের ডিগ্রি কলেজে শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে শাহরাস্তি অঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে কলেজটি নতুন মাত্রা যোগ করবে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি হওয়ার পথে মেহের ডিগ্রি কলেজ—এ যেন শাহরাস্তিবাসীর স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত।






