শাহরাস্তির উন্নয়নে চাঁদপুর জেলার নবাগত ডিসি’র বার্তা: মাদক, দখলদারিত্ব ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান!
শাহরাস্তির উন্নয়নে চাঁদপুর জেলার নবাগত ডিসি’র বার্তা: মাদক, দখলদারিত্ব ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান!
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা পরিষদের নতুন হল রুমে এক জনাকীর্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভায় চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না। শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় আয়োজিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তিনি উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক শাহরাস্তি উপজেলার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অত্র এলাকার মানুষের অভাব-অভিযোগ ও দাবিগুলো অত্যন্ত ধৈর্যের সাথে শোনেন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় শাহরাস্তি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো নিয়ে বক্তারা অত্যন্ত গুরুত্বের সাথে বেশ কিছু দাবি তুলে ধরেন:-
শিক্ষা খাতের সংস্কার: প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন স্কেল সমস্যা সমাধান এবং পাঠদানের মানোন্নয়নে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। বিশেষ করে সরকারি করফুলেরনেছা মহিলা কলেজের শিক্ষক সংকট, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ও উপজেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদে শিক্ষক নিয়োগ এর সমস্যা দূর করার বিষয়টি অনেক গুরুত্ব পায়।
মাদক ও কিশোর গ্যাং নির্মূল: বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার এবং কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেলা প্রশাসক এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দখলমুক্ত হবে খাল ও নদী: সভায় সরকারি জায়গা দখলমুক্ত করা, দখলী খাল উদ্ধার দ্রুত শুরু করার বিষয়ে সভায় জোরালো দাবি জানানো হয়।
সভায় জানানো হয় আসছে ২ মে (শনিবার) চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক ডাকাতিয়া নদী খনন কাজ উদ্বোধন করবেন।
বাজার ও যানজট নিরসন : কালিয়াপাড়া, দোয়াভাঙ্গা ও ওয়ারুক বাজারে যানজট নিরসনে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধাদের সম্মান: সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বক্তব্য রেখেছেন যারা : উক্ত সভায় শাহরাস্তির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
রাজনৈতিক নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ বেলায়েতে হোসেন (সেলিম) এবং যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি।
গণমাধ্যমকর্মী: নোমান হোসেন আখন্দ, মাঈনুল ইসলাম কাজল এবং মাসুদ রানা।
শিক্ষা ও প্রশাসন: সরকারি করফুলেরনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, কৃষি অফিসার, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদ আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম, বিএম ল্যাবরেটরী স্কুলের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, নিজ মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
মুক্তিযোদ্ধা ও সমাজসেবক: বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল বাসার এবং পূজা উদযাপন কমিটির সভাপতিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসকের বার্তা : সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “রাস্তার পাশে ঘরবাড়ি নির্মাণে সরকারি আইন মানতে হবে। প্রয়োজনে মাইকিং করে জনসচেতনতা বাড়াতে হবে। সরকারি সম্পত্তি কোনো ব্যক্তির ভোগের বস্তু নয়। আমরা শাহরাস্তিকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”






